জন্মদিনে সেঞ্চুরির স্বপ্ন দেখাচ্ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু শেষ পর্যন্ত আর তিন অঙ্ক ছোঁয়া হলো না অভিজ্ঞ এই ব্যাটারের। ধৈর্য আর আস্থার এক ইনিংস খেলে ৭১ রানেই থামতে হয়েছে তাকে।

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ব্যাট হাতে লড়াই চালিয়ে যান মুশফিক। উইকেটে কখনো বল নিচু হচ্ছিল, কখনো আবার অস্বাভাবিক বাউন্স তৈরি করছিল। কঠিন সেই উইকেটেও দারুণ নিয়ন্ত্রণে ব্যাট করেছেন তিনি।

দিনের শুরুতে ৪৮ রানে অপরাজিত থাকা মুশফিক দ্রুতই তুলে নেন ক্যারিয়ারের ২৯তম টেস্ট ফিফটি। শাহীন শাহ আফ্রিদির বলে সিঙ্গেল নিয়ে ১১৪ বলে পূর্ণ করেন ফিফটি।

পঞ্চম উইকেটে লিটন দাসকে নিয়ে ৬২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি। লিটন ৩৩ রান করে ফিরলে দ্রুতই বিদায় নেন মেহেদী হাসান মিরাজও। এরপর তাইজুল ইসলাম কিছুটা সঙ্গ দিলেও পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাস একের পর এক আঘাত হানেন।

৩১ ওভার বোলিং করে ৭৩ রানে ৪ উইকেট নেওয়া আব্বাসই ছিলেন পাকিস্তানের সবচেয়ে সফল বোলার। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই তিনি তুলে নেন ৩টি উইকেট।

আজ প্রথম সেশনে ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৯ রান যোগ করেছে বাংলাদেশ। সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ পৌঁছায় ৭ উইকেটে ৩৭৮ রানে। কিন্তু দ্বিতীয় সেশনের প্রথম ওভারে তৃতীয় বলে রাউন্ড দ্য উইকেট থেকে বল করেন আফ্রিদি। ভেতরে ঢুকে আসা ডেলিভারিটি ভুল লাইনে খেলতে গিয়ে ব্যাটে লাগাতে পারেননি মুশফিক। বল সরাসরি গিয়ে আঘাত হানে স্টাম্পে।

জন্মদিনে সেঞ্চুরি না পেলেও কঠিন উইকেটে মুশফিকের ৭১ রানের ইনিংস বাংলাদেশকে বড় সংগ্রহের পথেই রেখেছে।

শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩৮৪।