• ই-পেপার

ইনজুরি আর ভয় পাই না : সাইফউদ্দিন

আর্সেনালে যেতে পারেন ব্রাজিল তারকা

ক্রীড়া ডেস্ক
আর্সেনালে যেতে পারেন ব্রাজিল তারকা
ভিনিসিয়ুসের সঙ্গে গিমারেস। ছবি : রয়টার্স

নতুন মৌসুমকে সামনে রেখে দল শক্তিশালী করার পরিকল্পনা শুরু করেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। সেই পরিকল্পনার অংশ হিসেবে নিউক্যাসল ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেসকে দলে ভেড়াতে আগ্রহী ‘গানাররা’।

ব্রিটিশ গণমাধ্যম ‘টকস্পোর্ট’ জানিয়েছে, আর্সেনালের স্পোর্টিং ডিরেক্টর আন্দ্রেয়া বের্তা ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহী। যদিও এখন পর্যন্ত নিউক্যাসলের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা শুরু হয়নি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, গিমারেস নিজে আর্সেনালে যেতে আগ্রহ দেখালে নিউক্যাসলের জন্য তা বড় ধাক্কা হতে পারে। ক্লাবটির আশঙ্কা, তার বিদায় আরো কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের দল ছাড়ার পথ তৈরি করতে পারে।

এরই মধ্যে অ্যান্থনি গর্ডন ৭০ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যোগ দিয়েছেন। অন্যদিকে ইতালিয়ান মিডফিল্ডার সান্দ্রো টোনালিকে দলে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে টটেনহাম। প্রথম প্রস্তাব ফিরিয়ে দিলেও উত্তর লন্ডনের ক্লাবটি নতুন প্রস্তাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নিউক্যাসল টোনালির মূল্য ১০০ মিলিয়ন পাউন্ডের বেশি নির্ধারণ করেছে বলে জানা গেছে।

গিমারেসের বর্তমান চুক্তির মেয়াদ আরো দুই বছর। গত মৌসুমে নিউক্যাসলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে খেলেছেন তিনি। করেছেন ৯ গোল, সঙ্গে ৮টি অ্যাসিস্ট। তবে তার পারফরম্যান্সও ইউরোপিয়ান প্রতিযোগিতায় জায়গা করে দিতে পারেনি এডি হাওয়ের দলকে। প্রিমিয়ার লিগে ১২তম স্থানে থেকেই মৌসুম শেষ করেছে নিউক্যাসল।

আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে
ছবি : রয়টার্স

দুই ম্যাচে টানা দুই জয় তুলে নিয়ে ছয় পয়েন্ট সংগ্রহ করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’র শীর্ষস্থান এখন অনেকটাই নিশ্চিত লিওনেল মেসিদের। ফলে শেষ ৩২-এ কার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা, তা নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা।

বিশ্বকাপের সূচি অনুযায়ী, গ্রুপ ‘জে’র চ্যাম্পিয়ন দল রাউন্ড অব ৩২-এ খেলবে গ্রুপ ‘এইচ’র রানার্সআপের বিপক্ষে। আর এই সমীকরণেই সামনে চলে এসেছে আর্জেন্টিনা-স্পেন সম্ভাব্য লড়াই।

গ্রুপ ‘এইচ’-এ দুই ম্যাচ শেষে স্পেনের সংগ্রহ ৪ পয়েন্ট। উরুগুয়ের আছে ২ পয়েন্ট। দুই দলের মধ্যকার শেষ ম্যাচটি তাই নির্ধারণ করে দিতে পারে গ্রুপের ভাগ্য।

যদি উরুগুয়ে স্পেনকে হারাতে পারে, তাহলে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তারা। সে ক্ষেত্রে স্পেন নেমে যাবে দ্বিতীয় স্থানে এবং রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘জে’র শীর্ষ দল আর্জেন্টিনা। অর্থাৎ নকআউটের শুরুতেই হতে পারে দুই পরাশক্তির বহুল প্রতীক্ষিত লড়াই।

তবে স্পেনের সামনে রয়েছে আরেকটি সম্ভাব্য পথ। একই সময়ে কেপ ভার্দে যদি সৌদি আরবকে হারাতে পারে, তাহলে পয়েন্ট ব্যবধানে স্পেন দ্বিতীয় নয়, তৃতীয় স্থানেও নেমে যেতে পারে। সে ক্ষেত্রে তারা আর আর্জেন্টিনার মুখোমুখি হবে না এবং সম্ভাব্য সেই মহারণ আপাতত এড়িয়ে যাবে।

অন্যদিকে স্পেন যদি উরুগুয়ের বিপক্ষে অন্তত ড্র করতে পারে, তাহলে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখার সম্ভাবনাই বেশি থাকবে। সেক্ষেত্রে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে উরুগুয়ে, কেপ ভার্দে কিংবা সৌদি আরবের মধ্যে কোনো একটি দল, গ্রুপের চূড়ান্ত অবস্থানের ওপর নির্ভর করে।

এবারের বিশ্বকাপে গ্রুপের অবস্থান নির্ধারণে প্রচলিত গোল ব্যবধানের আগে গুরুত্ব দেওয়া হচ্ছে হেড-টু-হেড ফলকে। পয়েন্ট সমান হলে প্রথমে দেখা হবে সংশ্লিষ্ট দলগুলোর নিজেদের মধ্যকার ম্যাচের ফল, এরপর হেড-টু-হেড গোল ব্যবধান, হেড-টু-হেডে করা গোল, সামগ্রিক গোল ব্যবধান, মোট গোল, শৃঙ্খলা রেকর্ড এবং সবশেষে ফিফা র‍্যাঙ্কিং।

তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলো শুধু পরবর্তী রাউন্ডে ওঠার লড়াই নয়, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ নির্ধারণের ক্ষেত্রেও হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই সমীকরণেই শেষ ৩২-এ আর্জেন্টিনা ও স্পেনের সম্ভাব্য মুখোমুখি হওয়ার দিকে নজর ফুটবলপ্রেমীদের।

বিশ্বকাপে শেষ-৩২ নিশ্চিত করল যারা, বাদ পড়ল কারা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে শেষ-৩২ নিশ্চিত করল যারা, বাদ পড়ল কারা
ছবি : রয়টার্স

বিশ্বকাপের গ্রুপ পর্বে জমে উঠেছে শেষ ষোল নয়, এবার নতুন সংযোজন রাউন্ড অব ৩২-এর লড়াই। ৪৮ দলের এই আসরে ১২টি গ্রুপের মধ্যে ছয়টির খেলা শেষ হয়েছে। এরই মধ্যে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ১৯টি দল। অন্যদিকে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়েছে ৮ দলের।

২৬ জুন সকাল পর্যন্ত হিসাব অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ হওয়ার পাশাপাশি সেরা তৃতীয় স্থানধারী দল হিসেবেও কয়েকটি দল রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে। এখনো বাকি রয়েছে ১৩টি জায়গা, যার জন্য লড়াই করছে আরো ২১টি দল।

যারা নিশ্চিত করেছে রাউন্ড অব ৩২

গ্রুপ ‘এ’: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা

গ্রুপ ‘বি’: সুইজারল্যান্ড, কানাডা, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা

গ্রুপ ‘সি’: ব্রাজিল, মরক্কো

গ্রুপ ‘ডি’: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া

গ্রুপ ‘ই’: জার্মানি, আইভরিকোস্ট, ইকুয়েডর

গ্রুপ ‘এফ’: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন

গ্রুপ ‘আই’: ফ্রান্স, নরওয়ে

গ্রুপ ‘জে’: আর্জেন্টিনা

গ্রুপ ‘কে’: কলম্বিয়া

যারা বিদায় নিয়েছে

এখন পর্যন্ত বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া আটটি দল হলো— তুরস্ক, তিউনিসিয়া, হাইতি, পানামা, চেক প্রজাতন্ত্র, কাতার, কুরাসাও ও জর্ডান।

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, ১২টি গ্রুপের প্রতিটির শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থানধারী দল রাউন্ড অব ৩২-এ খেলার সুযোগ পাবে। আগামী ২৮ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এই নকআউট পর্বের ম্যাচগুলো।

রাউন্ড অব ৩২-এর প্রতিটি ম্যাচই হবে ‘সিঙ্গেল এলিমিনেশন’ পদ্ধতিতে। নির্ধারিত ৯০ মিনিটে ফল না এলে হবে অতিরিক্ত ৩০ মিনিটের খেলা। এরপরও সমতা থাকলে টাইব্রেকারে নির্ধারিত হবে জয়ী দল।

শচিনের রেকর্ড ভাঙার অপেক্ষায় ১৫ বছরের সূর্যবংশী

ক্রীড়া ডেস্ক
শচিনের রেকর্ড ভাঙার অপেক্ষায় ১৫ বছরের সূর্যবংশী
সংগৃহীত ছবি

ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন ১৫ বছর বয়সী ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশী। আয়ারল্যান্ডের বিপক্ষে আজ প্রথম টি-টোয়েন্টিতে সুযোগ পেলে কিংবদন্তি শচিন টেন্ডুলকারের ৩৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক ক্রিকেটার হয়ে যাবেন তিনি।

শুক্রবার (২৬ জুন) বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নতুন যুগের যাত্রা শুরু করছে ভারত। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে এই দল থেকে জায়গা হারিয়েছেন সূর্যকুমার যাদব। সেই দলেই প্রথমবার জাতীয় দলের ডাক পেয়েছেন বৈভব।

মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় দলে ডাক পাওয়া বৈভব ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে এই স্বীকৃতি পেয়েছেন। এখন একাদশে সুযোগ মিললেই ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলবেন তিনি।

বর্তমানে ভারতের সবচেয়ে কম বয়সী আন্তর্জাতিক অভিষিক্ত ক্রিকেটারের রেকর্ডটি শচিন টেন্ডুলকারের দখলে। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে ১৬ বছর ২০৫ দিন বয়সে টেস্ট অভিষেক হয়েছিল ‘মাস্টার ব্লাস্টারের’। একই বছর ১৬ বছর ২৩৮ দিন বয়সে ওয়ানডেতেও অভিষেক করেন তিনি।

অন্যদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের সবচেয়ে কম বয়সী অভিষিক্ত ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ বছর ৮০ দিন বয়সে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।

ইনজুরি আর ভয় পাই না : সাইফউদ্দিন | কালের কণ্ঠ