• ই-পেপার

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ

রূপগঞ্জে বসুন্ধরা শুভসংঘের অর্ধশতাধিক বৃক্ষরোপণ কর্মসূচি

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
রূপগঞ্জে বসুন্ধরা শুভসংঘের অর্ধশতাধিক বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি : কালের কণ্ঠ

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অর্ধশতাধিক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বসুন্ধরা শুভসংঘ রূপগঞ্জ থানা শাখা।

মঙ্গলবার (২ জুন) রূপগঞ্জের তারাবো বিশ্বরোড এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বনজ, ফলদ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ রোপণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত সদস্য ও স্থানীয় বাসিন্দাদের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয় এবং নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশে গাছ লাগানোর জন্য বিভিন্ন প্রজাতির চারা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে পরিবেশগত ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও এর প্রভাব থেকে মুক্ত নয়। তাই পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, তাপমাত্রা নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বক্তারা আরো বলেন, বাংলাদেশ সরকারের ঘোষিত পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। তরুণদের অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ আন্দোলনকে গণআন্দোলনে রূপ দেওয়া সম্ভব।

বসুন্ধরা শুভসংঘ ঢাকা মহানগরের সমন্বয়ক আবদুল হান্নান মিলটনের দিকনির্দেশনায় এবং রূপগঞ্জ থানা শাখার সভাপতি মো. আহসানুল হক ও সাধারণ সম্পাদক রিমন রহমানের নেতৃত্বে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।

এসময় আবদুল হান্নান মিলটন বলেন, পরিবেশ রক্ষা এখন শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের অঙ্গীকার। একটি গাছ একটি জীবনের সমান গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক নাগরিকের উচিত বছরে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করা।

রূপগঞ্জ থানা শাখার সভাপতি মো. আহসানুল হক বলেন, আমরা শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করতে চাই না, বরং গাছগুলোর পরিচর্যা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে চাই। একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে তরুণদের আরো বেশি এগিয়ে আসতে হবে।

আরো পড়ুন
বীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বৃক্ষের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ

বীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বৃক্ষের চারা বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ

 

কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন সহসভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম হোসেন, সাংগঠনিক সম্পাদক নিলয় আহমেদ, প্রচার ও যোগাযোগ সম্পাদক শিহাব উদ্দিন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজন মিয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক ইসমাঈল হোসেন, ক্রীড়া সম্পাদক রবিন হাসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল-আমিন হোসেন, সদস্য জাবেদ রহমান, সদস্য নাজমুল ইসলামসহ বসুন্ধরা শুভসংঘের অন্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে নিয়মিত বৃক্ষরোপণ, পরিচর্যা এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকরা জানান, পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে আগামী দিনেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

সাদুল্লাপুরে মোবাইল আসক্তি রোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা

বসুন্ধরা শুভসংঘ ডেস্ক
সাদুল্লাপুরে মোবাইল আসক্তি রোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা
ছবি: কালের কণ্ঠ

মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহারের কারণে তরুণ প্রজন্মের মধ্যে এক ধরনের নীরব সংকট তৈরি হচ্ছে। পারিবারিক বন্ধন দুর্বল হওয়া, শিক্ষার্থীদের মনোযোগে বিঘ্ন সৃষ্টি, সামাজিক মূল্যবোধের অবক্ষয় এবং মানসিক স্বাস্থ্যের নানা সমস্যা দিন দিন বাড়ছে। এই পরিস্থিতি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও সামাজিক উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।

গাইবান্ধার সাদুল্লাপুরে দেশের বৃহত্তম সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ উপজেলা শাখার নতুন কমিটির উদ্যোগে ‘মোবাইল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি : সমাজের ওপর নেতিবাচক প্রভাব ও মোকাবেলায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত আগামী এক বছরের জন্য অনুমোদিত নতুন কমিটির সদস্যদের পরিচিতি সভা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় উপজেলার একটি মিলনায়তনে এ আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি এ জে আশিকুর রহমান। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সজীব সরকার।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করেছে, তবে এর অপব্যবহার সমাজের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষ করে তরুণ ও কিশোরদের মধ্যে মোবাইল গেম, অনলাইন বিনোদন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় ব্যয়ের ফলে পড়াশোনা, সৃজনশীলতা ও সামাজিক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আরো পড়ুন
জবিতে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ৮ ক্যাটাগরিতে চলচ্চিত্র আহ্বান

জবিতে প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ৮ ক্যাটাগরিতে চলচ্চিত্র আহ্বান

 

বক্তারা আরো বলেন, তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, বই পড়া, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং সামাজিক সচেতনতামূলক কর্মসূচির বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, মানবিক সহায়তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। নতুন কমিটিও এসব কার্যক্রম আরো বিস্তৃত করার লক্ষ্যে কাজ করবে।

সভায় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মো. আহসান হাবীব, মো. মোস্তাফিজুর রহমান কামাল, মো. রুবেল মিয়া ও অনিক চন্দ্র শীল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশাদুজ্জামান রিয়ন, সাংগঠনিক সম্পাদক মো. দীপন মিয়া এবং সংগঠনের অন্য সদস্যরা।

পরে অনুষ্ঠিত পরিচিতি সভায় নতুন কমিটির সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং সংগঠনের বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় আগামী দিনে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের জন্য সচেতনতামূলক ক্যাম্পেইন, মাদকবিরোধী কার্যক্রম, রক্তদান কর্মসূচি, অসহায় মানুষের সহায়তা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।

সভা শেষে নতুন কমিটির সদস্যরা বলেন, বসুন্ধরা শুভসংঘের মূলমন্ত্র ‘শুভ কাজে সবার পাশে’ বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। সামাজিক দায়বদ্ধতা, মানবিক মূল্যবোধ ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে একটি সুন্দর ও সচেতন সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

গলাচিপায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
ছবি : কালের কণ্ঠ

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় গলাচিপা পৌরসভার ফিডার রোড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের জেলা সমন্বয়ক সাইমুন রহমান, গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক মো. মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক হুজ্জাতুল ইসলাম, সদস্য মো. হুমায়ুন কবির, মো. সাবিত ইয়াসিন অভি, মো. হোসাইন সবুজ ও আবরার মাহির। 

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রকৌশলী এসএম আসাদুজ্জামান আরিফ, সাংবাদিক মো. সোহাগ রহমান, সাংবাদিক সঞ্জীব, স্থানীয় যুবদল নেতা মো. হাসান মাহমুদ, রাইসুল ইসলাম, দিহান ও ইব্রাহিম ফকিরসহ প্রমুখ।

এ সময় বসুন্ধরা শুভসংঘের উপজেলা আহ্বায়ক মো. মিজানুর রহমান বৃক্ষরোপণের প্রয়োজনীয় দিক তুলে ধরে বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ শুভকাজে সবার পাশে- সব সময়ই থাকবে। শুভসংঘের দেশব্যাপী জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে আজকে আমরা গলাচিপার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করেছি এবং শতাধিক ফলজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে।’ 

জেলা সমন্বয়ক সাইমুন রহমান বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশকে দূষণমুক্ত রাখে, মাটির ক্ষয় রোধ করে এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু একটি গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, সেই গাছের সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে।’

মনপুরা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বসুন্ধরা শুভসংঘের দুর্দান্ত অংশগ্রহণ

মো. শাফায়াত হোসেন সিয়াম (মনপুরা) ভোলা
মনপুরা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বসুন্ধরা শুভসংঘের দুর্দান্ত অংশগ্রহণ

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী মনপুরা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে বসুন্ধরা শুভসংঘ টিম। 

ক্রীড়ার মাধ্যমে যুবসমাজকে সুস্থ, সচেতন ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মনপুরায় অনুষ্ঠিত মনপুরা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে বসুন্ধরা শুভসংঘ টিম। টুর্নামেন্টে অংশগ্রহণের মধ্য দিয়ে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দলটি।

আরো পড়ুন

শুভসংঘের উদ্যোগে মঠবাড়িয়ায় বিজয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শুভসংঘের উদ্যোগে মঠবাড়িয়ায় বিজয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

 

সোমবার (১ জুন) মনপুরার ক্রীড়াঙ্গনের অন্যতম এই টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি, খেলোয়াড়দের প্রাণবন্ত পারফরম্যান্স এবং প্রতিযোগিতামূলক মনোভাব টুর্নামেন্টকে আরো আকর্ষণীয় করে তোলে।

বসুন্ধরা শুভসংঘ টিমের খেলোয়াড়রা শুরু থেকেই আত্মবিশ্বাসী ও সুশৃঙ্খল খেলার মাধ্যমে নিজেদের সক্ষমতার পরিচয় দেন। মাঠে তাদের দলীয় সমন্বয়, কৌশলগত খেলা এবং জয়ের প্রত্যয় দর্শকদের মুগ্ধ করে। প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের সর্বোচ্চ প্রচেষ্টা ও খেলোয়াড়সুলভ মনোভাব প্রশংসিত হয়েছে।

আরো পড়ুন

শুভসংঘের উদ্যোগে উল্লাপাড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শুভসংঘের উদ্যোগে উল্লাপাড়ায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

 

বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা শাখার সদস্যরা জানান, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সেই লক্ষ্য থেকেই বসুন্ধরা শুভসংঘ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছে।

তারা আরো বলেন, খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, এটি তরুণদের নেতৃত্বগুণ, শৃঙ্খলাবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সামাজিক দায়বদ্ধতা তৈরির একটি কার্যকর মাধ্যম। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সেই উপলব্ধি থেকেই বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ক্রীড়া, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

ফুটবল টুর্নামেন্টে বসুন্ধরা শুভসংঘ টিমের অধিনায়ক কামরুল ইসলাম অভি এবং সহ-অধিনায়ক মো. জিহামের নেতৃত্বে মো. সৈকত, মো. শাহীন (জি.কে), মো. মিজান, মো. শান্ত, মো. মারুফ, মো. হাসনাইন, মো. শাওন, মো. শাকিল, মো. শামীম, মো. সাগর, মো. মহিম, মো. রাজিব, মো. সজিব, মো. সোহেল মাঠে বসুন্ধরা শুভসংঘের প্রতিনিধিত্ব করেন।

টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া সংগঠক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। তারা বসুন্ধরা শুভসংঘ টিমের অংশগ্রহণকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আরো বড় পরিসরে ক্রীড়া কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

আরো পড়ুন

শুভসংঘের উদ্যোগে ক্ষেতলালে পাখির নিরাপদ বাসস্থান তৈরি

শুভসংঘের উদ্যোগে ক্ষেতলালে পাখির নিরাপদ বাসস্থান তৈরি

 

উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষা, মানবসেবা, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক চর্চা ও ক্রীড়া উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ। তারই ধারাবাহিকতায় মনপুরা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বসুন্ধরা শুভসংঘ টিমের অংশগ্রহণ স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং তরুণদের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছে।