তীব্র গমের মধ্যেই আষাঢ়ের বৃষ্টিতে নতুন রূপে সাজছে প্রকৃতি। তবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনো বিরাজ করছে ৩৬ ডিগ্রির ঘরে। এই অবস্থায় শুক্রবার (১৯ জুন) রাতের মধ্যেই ঢাকাসহ দেশের ১৪ জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাত ১টার মধ্যে ঢাকা ছাড়াও ফরিদপুর, পাবনা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের ওপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এর মধ্যে শনিবার (২০ জুন) সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ ৯০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে এই সময়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮৬ মিলিমিটার ছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭৪, সাতক্ষীরায় ৭১, খুলনার কয়রায় ৬২, বাগেরহাটের মোংলায় ৬১, নরসিংদী ও নোয়াখালীর মাইজদীকোর্টে ৫২ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।




