৫০ নবীন উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। গত শনিবার (২৭ নভেম্বর) রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে সারা দেশ থেকে বাছাইকৃত নবীন উদ্যোক্তাদের সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সৃজনশীল প্রতিভা, উদ্ভাবনী শক্তি ও শ্রম দিয়ে সমাজে হালাল কর্মসংস্থান তৈরি ও হালাল উপার্জনে সচেতনতার মাধ্যমে তরুণদের কর্মমুখী করায় নবীন উদ্যোক্তাদের স্বীকৃতি ও সম্মাননা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সারা দেশের তিন হাজার উদ্যোক্তা থেকে ৫০ জন উদ্যোক্তাকে বাছাই করা হয়, যারা ব্যবসা-বাণিজ্য কার্যক্রমে ইসলামী অনুশাসন অনুসরণ করেন। সকাল ৯টায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সম্মাননা অনুষ্ঠান শুরু হয়। এতে মার্কেটিং বিষয়ে যৌথভাবে কর্মশালা পরিচালনা করেন সরোবরের মার্কেটিং প্রধান শরীফ আবু হায়াত অপু ও আইএফএ কনসাল্টেন্সির কো-ফাউন্ডার মুফতী ইউসুফ সুলতান। আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে প্রাইজমানি গ্রহণ করছেন এক নারী উদ্যোক্তা ফাহিম বিন ফারুকের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুর রাশাদ মাদরাসার মুহাদ্দিস মাওলানা লিয়াকত আলী, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ আলম, জাতীয় রাজস্ব বোর্ডের কমিশনার জাকির হোসন, রাহবার মাল্টিমিডিয়ার চেয়ারম্যান মুফতি সাইফুল ইসলাম, শায়খ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, দৈনিক আলোকিত বাংলাদেশের সহ-সম্পাদক আলী হাসান তৈয়ব, ইঞ্জিনিয়ার এস এম নাহিদ হাসান, বিশিষ্ট লেখক সাইমুম সাদী, বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমদ, মাহবুবুর রহমান রাসেল প্রমুখ। অনুষ্ঠানে প্রথম ১০ জন উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে প্রাইজমানি দেওয়া হয়েছে। এ ছাড়া অন্য ৫০ উদ্যোক্তার সবাইকে সম্মাননা স্মারক সার্টিফিকেট, ক্রেস্ট, ব্যবসাবিষয়ক বই প্রদান করা হয়। বাংলা ভাষায় মাতৃত্ব, গর্ভধারণ ও শিশুপালন বিষয়ক সাইট তৈরি ও কমিউনিটি গড়ে তোলায় উদ্যোক্তা ইসরাত জাহান, মুসলিমদের বিয়ের ম্যাচ মেকিং সাইট তৈরি করায় এমরানুল হক শুভ ও ইসলামী জ্ঞানার্জনের উন্মুক্ত ইলার্নিং প্ল্যাটফর্ম তৈরি করায় খন্দকার মারসুসসহ ১০ জন উদ্যেক্তাকে ৫০ হাজার করে প্রাইজমানি দেওয়া হয়।