আমিরাত-ইসরায়েল স্বাভাবিক সম্পর্ক সমর্থন দেওয়ায় আমিরাতের শান্তি সংগঠন ‘দি ফোরাম ফর প্রমোটিং পিস ইন মুসলিম সোসাইটি’ থেকে পদত্যাগ করেছেন ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি শায়খ মোহাম্মাদ হোসাইন। গত বুধবার (২৬ আগস্ট) প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে ওয়াফা নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করে। বিবৃতিতে শায়খ হোসাইন বলেন, ‘স্বাভাবিক সম্পর্ক ফিলিস্তিনি ও মুসলিমদের পিঠে ছুরিকাঘাতের মতো এবং জেরুজালেমের মুসলিম ও খ্রিস্টানদের পবিত্র স্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা।’ সম্প্রতি আমিরাত-ইসরায়েলের ‘শান্তি চুক্তি’কে সংগঠনটি মধ্যপ্রাচ্যের সফলতম উদ্যোগ বলে উল্লেখ করে। চুক্তিটির প্রশংসা সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ‘এর মাধ্যমে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের ভূমি দখল স্থগিত হবে। এবং দুটি জনগোষ্ঠীর মধ্যে শান্তি ও সংলাপের সুযোগ তৈরি হবে।’ কিন্তু সদস্যরা বিবৃতিটির ব্যাপক সমালোনা করলে বিবৃতিটি সাইট থেকে মুছে ফেলা হয়। এর পর সংগঠনটির অনেক সদস্য পদত্যাগ করে। ২০১৪ সালে মুসলিম সমাজে শান্তি ও সংলাপ সুদৃঢ় করতে সংযুক্ত আরব আমিরাতে ‘দি ফোরাম ফর প্রমোটিং পিস ইন মুসলিম সোসাইটি’ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালে এর প্রধান ছিলেন, মৌরতানিয়ার সাবেক রাজনীতিবিদ ও আমিরাতের বর্তমান গ্র্যান্ড মুফতি আবদুল্লাহ বাইয়াহ। সূত্র : মিডলইস্ট আই