যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে বেশি গাড়ি সরবরাহ করেছে। তবে ভালো এই ফলাফলের পরও কম্পানিটির শেয়ারদর প্রায় ৬ শতাংশ কমেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সিএনবিসির এল প্রতিবেদনে প্রকাশিত তথ্যে টেসলা জানায়, এপ্রিল থেকে জুন—এই তিন মাসে তারা বিশ্বের বিভিন্ন দেশে মোট ৪ লাখ ৮০ হাজার ১২৬টি গাড়ি গ্রাহকদের কাছে সরবরাহ করেছে। একই সময়ে উৎপাদন করেছে ৪ লাখ ৫১ হাজার ৭৫৮টি গাড়ি।
ওয়াল স্ট্রিটের বিশ্লেষকেরা ধারণা করেছিলেন, এ সময়ে টেসলার গাড়ি সরবরাহের সংখ্যা হবে প্রায় ৪ লাখ ৬ হাজার। কিন্তু বাস্তবে কম্পানিটি সেই পূর্বাভাস ছাড়িয়ে গেছে।
টেসলার দেওয়া তথ্য অনুযায়ী, সরবরাহ করা মোট গাড়ির প্রায় ৯৭ শতাংশই ছিল তাদের সবচেয়ে জনপ্রিয় দুটি মডেল—মডেল ৩ ও মডেল ওয়াই।
গত বছরের একই সময়ের তুলনায় টেসলার গাড়ি সরবরাহ ২৫ শতাংশ বেড়েছে। আর চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় বেড়েছে ৩৪ শতাংশ।
ভালো সরবরাহের তথ্য প্রকাশের পরও বৃহস্পতিবার শেয়ারবাজারে টেসলার শেয়ারদর প্রায় ৬ শতাংশ কমে যায়। কেন এমন হয়েছে, সে বিষয়ে কম্পানির পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে বিশ্লেষকদের মতে, ভবিষ্যৎ বিক্রি, প্রতিযোগিতা এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ এর একটি কারণ হতে পারে।
বর্তমানে টেসলাকে চীনের বিওয়াইডি (BYD), নিও (Nio) ও শাওমি (Xiaomi)-এর মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কঠিন প্রতিযোগিতা করতে হচ্ছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ার হুন্দাই এবং ইউরোপের বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানও বৈদ্যুতিক গাড়ির বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে।
বিক্রি বাড়াতে টেসলা ইতোমধ্যে মডেল ৩ ও মডেল ওয়াই-এর কম দামের সংস্করণ বাজারে এনেছে। পাশাপাশি ইউরোপের কয়েকটি দেশে তাদের ফুল সেলফ-ড্রাইভিং (সুপারভাইজড) প্রযুক্তিও চালু করেছে।
এদিকে কম্পানিটি ভবিষ্যতের জন্য নতুন কয়েকটি প্রকল্প নিয়েও কাজ করছে। এর মধ্যে রয়েছে চালকবিহীন সাইবারক্যাব, বৈদ্যুতিক সেমি ট্রাক এবং অপটিমাস নামে মানবসদৃশ রোবটের উৎপাদন।
উল্লেখ্য, টেসলা আগামী ২২ জুলাই চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। তখন কম্পানির আয়, মুনাফা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানা যাবে।




