যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংকগুলোর একটি জে-পি-মর্গ্যান চেইস হংকংয়ে কর্মরত তাদের কর্মীদের জন্য এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপইক-এর ক্লড মডেল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বলে জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।
১৮ জুন (বৃহস্পতিবার) রয়টার্স- এর এক প্রতিবেদনে এ তথ্য দেয়।
প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানথ্রপিকের লাইসেন্সিং চুক্তির কিছু শর্ত নিয়ে উদ্বেগের কারণে ব্যাংকটি কর্মীদের অনুমোদিত এআই টুলের তালিকা থেকে ক্লড মডেল সরিয়ে দিয়েছে।
এর আগে গত এপ্রিলে আরেকটি মার্কিন বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্স-ও হংকংভিত্তিক কর্মীদের জন্য ক্লড ব্যবহারের অনুমোদন প্রত্যাহার করেছিল।
বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য নিরাপত্তা এবং উন্নত প্রযুক্তির ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রভাবেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
মূল ভূখণ্ড চীনে যুক্তরাষ্ট্রের অনেক এআই মডেল ব্যবহার করা না গেলেও হংকংয়ে এখনো কিছু মডেল সীমিত আকারে চালু রয়েছে।
এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক অ্যানথ্রপিককে তাদের উন্নত এআই মডেল ‘মাইথোস’ ও ‘ফেবল’ বিদেশি নাগরিকদের কাছে সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন। তার দাবি, এসব প্রযুক্তি চীন, রাশিয়া বা অন্যান্য দেশের সামরিক ও গোয়েন্দা কাজে ব্যবহৃত হতে পারে।
তবে এ বিষয়ে জেপিমরগান ও অ্যানথ্রপিক আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।




