• ই-পেপার

ঈদের দ্বিতীয় সপ্তাহেও বাংলা সিনেমার দাপট অব্যাহত

পরিবার নিয়ে ওমরাহ পালনে মক্কায় ভাবনা

বিনোদন প্রতিবেদক
পরিবার নিয়ে ওমরাহ পালনে মক্কায় ভাবনা
সংগৃহীত ছবি

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন বাবা, মা ও বোন। পবিত্র মক্কা শরিফ থেকে ছবি প্রকাশ করে নিজেই এ সুখবর জানিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি ভাগ করে নিয়েছেন কাবা শরিফ প্রথম দেখার আবেগঘন অনুভূতিও।

শুক্রবার (২৬ জুন) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে মক্কা শরিফের কয়েকটি ছবি পোস্ট করেন ভাবনা। ছবির ক্যাপশনে তিনি ওমরাহ পালনের অভিজ্ঞতা তুলে ধরেন।

ভাবনা লিখেছেন, ‘প্রথমবার যখন পবিত্র কাবার দিকে তাকালাম, আমার মুখ থেকে যেন সব শব্দ হারিয়ে গেল। কোনো ভাষা বা শব্দ দিয়ে সেই মুহূর্তের গভীর আবেগ, মনের ভেতরের উপচেপড়া পরম শান্তি আর অন্তরের কৃতজ্ঞতাকে প্রকাশ করা সম্ভব নয়।’

May be an image of one or more people and headscarf

তিনি আরো লিখেছেন, ‘জীবনের এই পরম সৌভাগ্যের জন্য আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক।’

অভিনেত্রীর এই পোস্ট প্রকাশের পর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের শুভেচ্ছায় ভরে যায় মন্তব্যের ঘর। অনেকেই তাঁর ও পরিবারের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

ছোটপর্দার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন আশনা হাবিব ভাবনা। পরে ২০১৭ সালে অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। এতে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘নয়নতারা’ চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেন তিনি।

পরবর্তীতে ‘লাল মোরগের ঝুঁটি’ ও ‘দামপাড়া’সহ বেশ কয়েকটি ভিন্নধর্মী চলচ্চিত্রে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার পরিচয় দেন ভাবনা। অভিনয়ের পাশাপাশি তিনি একজন নৃত্যশিল্পী, চিত্রশিল্পী এবং লেখক হিসেবেও সমান পরিচিত।

তামিলনাড়ুতে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রত্যেক শিশু পাবে সোনার আংটি

বিনোদন ডেস্ক
তামিলনাড়ুতে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রত্যেক শিশু পাবে সোনার আংটি
সংগৃহীত ছবি

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয় এবার নতুন এক জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে আলোচনায়। তামিলনাড়ুর সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে তাঁর সরকার। এ উদ্যোগের নাম রাখা হয়েছে ‘থাই মামান গোল্ড রিং স্কিম’।

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়নে বছরে প্রায় ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি ব্যয় হবে। ইতিমধ্যে দরপত্র আহ্বানসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২২ জুন, যা মুখ্যমন্ত্রী বিজয়ের জন্মদিন, সেদিন থেকেই প্রকল্পটি কার্যকর হয়েছে। ফলে ওই তারিখ থেকে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতক এই সুবিধার আওতায় আসবে। তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আগামী ১৫ সেপ্টেম্বর, দ্রাবিড় আন্দোলনের অন্যতম নেতা পেরারিঞার আন্নার জন্মবার্ষিকীতে।

তামিলনাডুর সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তামিল সংস্কৃতির ঐতিহ্যবাহী ‘থাই মামান সির’ প্রথা থেকে এই প্রকল্পের অনুপ্রেরণা নেওয়া হয়েছে। প্রচলিত রীতিতে নবজাতকের মামা শিশুকে আশীর্বাদ হিসেবে বিভিন্ন উপহার দেন। 

নতুন এই প্রকল্পে সেই প্রতীকী দায়িত্ব পালন করবে রাজ্য সরকার। ভালোবাসা, শুভকামনা ও আশীর্বাদের নিদর্শন হিসেবে প্রতিটি নবজাতককে দেওয়া হবে একটি করে সোনার আংটি।

সরকারের দাবি, এটি শুধু একটি কল্যাণমূলক উদ্যোগ নয়; বরং নবজাতক ও তাদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার প্রতীক। একই সঙ্গে তামিল সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি ঐতিহ্যও সংরক্ষণ করবে এই কর্মসূচি।

উল্লেখ্য, ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ ছিল বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাঝাগম (টিভিকে)-এর নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি। পাশাপাশি সরকারের ‘ভেত্রি তামিলাগাম ভিশন ডকুমেন্ট’-এও এটি অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে বিভিন্ন রাজনৈতিক নেতা বা সংগঠন ব্যক্তিগত উদ্যোগে বিশেষ দিনে সরকারি হাসপাতালে জন্ম নেওয়া শিশুদের সোনার আংটি উপহার দিলেও, প্রথমবারের মতো এই উদ্যোগকে স্থায়ী সরকারি কল্যাণ প্রকল্পের আওতায় আনা হয়েছে।

অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

কন্নড় সিনেমার অভিনেত্রী ও মডেল কৃষি থাপান্ডার বেঙ্গালুরুর একটি ফ্ল্যাট থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (২৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে বেঙ্গালুরুর রাজারাজেশ্বরী নগর এলাকার ওই ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। নিহতের নাম বৈশাখ। তিনি গত এক সপ্তাহ ধরে অভিনেত্রীর ফ্ল্যাটে অবস্থান করছিলেন। তবে ঘটনার সময় কৃষি থাপান্ডা সেখানে ছিলেন না। তিনি ইয়েলাহাঙ্কায় অবস্থান করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

তদন্তকারীরা জানান, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট বা চিরকুট উদ্ধার হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে প্রাথমিকভাবে আত্মহত্যার সন্দেহ করা হলেও, ময়নাতদন্ত ও তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

পুলিশের তথ্য অনুযায়ী, বৈশাখ দীর্ঘদিন ধরে বিষণ্নতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যার কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি। 

তদন্তে আরো জানা গেছে, দাম্পত্য কলহের জেরে প্রায় এক মাস ধরে স্ত্রীর সঙ্গে আলাদা থাকছিলেন এই ব্যবসায়ী।

এদিকে বৈশাখ এর আগেও একটি আলোচিত চাঁদাবাজি ও হুমকির মামলায় পুলিশের নজরে এসেছিলেন। ব্যবসায়ী ও আইনজীবী অরবিন্দ রেড্ডিকে কুরিয়ারের মাধ্যমে ৬ থেকে ৭ কোটি রুপি দাবি করে একটি হুমকিমূলক চিঠি পাঠানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল এইচএএল থানার পুলিশ। 

তদন্তকারীদের দাবি ছিল, এক নারীকে কেন্দ্র করে বিরোধের জেরেই ওই চিঠি পাঠানো হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।

গত ৬ ফেব্রুয়ারি কর্ণাটক হাইকোর্ট বৈশাখের বিরুদ্ধে চলমান পরবর্তী তদন্তের ওপর স্থগিতাদেশ দেন। এর আগে পাঁচ দিন পুলিশি হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

বৈশাখের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। 

রাজারাজেশ্বরী নগর থানার পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অভিনয়ে নয়, নিজের বায়োপিকে ফিরতে চান পপি

বিনোদন প্রতিবেদক
অভিনয়ে নয়, নিজের বায়োপিকে ফিরতে চান পপি
সংগৃহীত ছবি

একসময় ঢাকাই চলচ্চিত্রের পর্দা মাতানো নায়িকা সাদিকা পারভীন পপি দীর্ঘদিন ধরেই আছেন অভিনয়ের বাইরে। তাঁর পর্দায় ফেরার অপেক্ষায় থাকলেও ভক্তদের সেই আশা আপাতত পূরণ হচ্ছে না। 

কারণ, নিয়মিত অভিনয়ে ফেরার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

তবে অভিনয়ে একেবারেই ইতি টানেননি পপি। নিজের জীবন নিয়ে মানসম্মত ও গবেষণানির্ভর কোনো বায়োপিক নির্মিত হলে সেখানে অভিনয়ের আগ্রহের কথা জানিয়েছেন তিনি।

পপি গণমাধ্যমে বলেন, ‘অভিনয়ে ফেরার জন্য বিভিন্ন সময় নানা প্রস্তাব পেলেও সেগুলো গ্রহণ করার ইচ্ছা নেই। বর্তমানে স্বামী ও একমাত্র সন্তান আয়াতকে নিয়ে পারিবারিক জীবনেই সময় দিতে চাই। সুখী দাম্পত্য জীবনই এখন আমার প্রধান অগ্রাধিকার। তবে নিজের জীবন নিয়ে যদি নিখুঁত ও গবেষণানির্ভর কোনো বায়োপিক নির্মাণ করা হয়, তাহলে তাতে অভিনয় করতে আপত্তি নেই।’

খোঁজ মিলল পপির, খুলনায় জমি দখলের অভিযোগে জিডি হয়েছে থানায়

তিনি আরো বলেন, ‘শৈশব, বেড়ে ওঠা, পড়াশোনা, ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ, ব্যক্তিগত সংগ্রাম ও চলচ্চিত্র জীবনের নানা অধ্যায় যথাযথভাবে তুলে ধরা হলে তবেই আমি কাজটি বিবেচনা করব। দেশে-বিদেশে আমার অসংখ্য ভক্ত রয়েছেন। তাই আমার জীবন নিয়ে নির্মিত বায়োপিকটি হতে হবে ব্যতিক্রমী।’

বর্তমানে পরিবারকেই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় রেখেছেন পপি। তাই নতুন কোনো সিনেমায় নিয়মিত কাজ করার চেয়ে ব্যক্তিগত জীবনকে সময় দিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি।

‘কুলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পপির। প্রথম ছবিতেই ওমর সানীর বিপরীতে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমায় অভিনয় করে নিজেকে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়িকাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেন।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দরদি সন্তান’, ‘এই মন তোমাকে দিলাম’, ‘মনের মিলন’, ‘প্রাণের প্রিয়তমা’, ‘কারাগার’, ‘লাল বাদশা’, ‘দু’জন দু’জনার’, ‘মেঘের কোলে রোদ’, ‘কী যাদু করিলা’, ‘বস্তির রানী সুরিয়া’সহ বহু জনপ্রিয় ছবি।

অভিনয় দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন পপি। ২০০৩ সালে ‘কারাগার’ সিনেমার জন্য প্রথমবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান। পরে ‘মেঘের কোলে রোদ’ এবং ‘গঙ্গাযাত্রা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য আরও দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

সবশেষে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমায় অভিনয় করেন পপি। এরপর থেকে তিনি চলচ্চিত্রের আলো-ঝলমলে জগত থেকে দূরে রয়েছেন।