জনপ্রিয় বিটিএস তারকা জাংকুকের বাড়িতে বারবার অনুপ্রবেশ এবং বিরক্ত করার দায়ে এক ব্রাজিলীয় নারীকে স্থগিত কারাদণ্ড দিয়েছে সিউলের একটি আদালত। পুলিশের নিষেধাজ্ঞা ও সতর্কবার্তা উপেক্ষা করে ওই নারী জাংকুকের বাড়ির দরজায় গিয়ে এক দিনেই ১৩৩ বার বেল বাজিয়েছিলেন। গায়কের প্রতি তীব্র ভালোবাসা থেকেই তিনি এমনটি করেছেন বলে জানা গেছে।
ওই নারী গত বছরের ডিসেম্বর মাসে প্রথম সিউলে জাংকুকের বাড়ির সামনে যান। আদালতের তথ্যমতে, গত বছরের ৭ ডিসেম্বর তিনি জাংকুকের বাড়ির চারপাশে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করেন, দেয়ালের ওপর দিয়ে জিনিসপত্র ভেতরে ছুঁড়ে মারেন এবং দরজার ফাঁক দিয়ে চিঠি ও ছবি গুঁজে দেওয়ার চেষ্টা করেন। এর কয়েক দিন পর তিনি আবার এসে মাত্র এক দিনে ১৩৩ বার দরজার বেল বাজান, যাকে আদালত ‘চরম মাত্রার পাগলামি বা অন্ধ আসক্তির লক্ষণ’ হিসেবে উল্লেখ করেছে।
পরবর্তীতে ১৩ ডিসেম্বর একজন ডেলিভারি বয়ের পিছু পিছু গেট দিয়ে জাংকুকের বাড়ির সীমানায় ঢুকে পড়লে পুলিশ ওই নারীকে গ্রেপ্তার করে। পরদিন আর কখনো এই বাড়ির সীমানায় না আসার শর্তে তিনি মুক্তি পান। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে তিনি যাতায়াত করলে পুলিশ তার ওপর ১০০ মিটারের মধ্যে আসার জরুরি নিষেধাজ্ঞা জারি করে। তারপরেও নাছোড়বান্দা ওই নারী মোট ২২ বার জাংকুকের বাড়ির সীমানায় যান। অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারিতে পুলিশ তাকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করে।
সিউলের একটি জেলা আদালত ওই নারীকে দুই বছরের জন্য স্থগিত রেখে এক বছরের কারাদণ্ড দিয়েছে। অর্থাৎ, এই দুই বছর তিনি ভালো আচরণ করলে তাকে জেলে যেতে হবে না। তবে তিনি যদি এই রায়ের বিরুদ্ধে সফলভাবে আপিল করতে না পারেন, তবে দক্ষিণ কোরিয়া থেকে তাকে বহিষ্কার বা নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিচারক জানিয়েছেন, ওই নারীর পুনরায় একই অপরাধ করার ঝুঁকি কম থাকায় সাজা কিছুটা শিথিল করা হয়েছে। উল্লেখ্য, তারকাদের বাড়িতে ভক্তদের এমন অনুপ্রবেশের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত বছরের জুন মাসে জাংকুকের বাড়িতে জোর করে ঢোকার অভিযোগে এক চীনা নারীও গ্রেপ্তার হয়েছিলেন।






