• ই-পেপার

ঢাকার বৃষ্টি-তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক শনিবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে
শ্যামবাজার, বাংলাবাজার, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, গুলিস্তানের দক্ষিণ অংশ, ওয়ারী, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি থানা, বংশাল, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার, চানখারপুল।

যেসব মার্কেট বন্ধ থাকবে
ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, বাবুবাজার, নয়াবাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানশন।

যে দর্শনীয় স্থান বন্ধ থাকবে
শিশু একাডেমি জাদুঘর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আগামীকাল রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।

১৭ দেশের তিন হাজার রানারের অংশগ্রহণে হাতিরঝিলে ম‍্যারাথন

নিজস্ব প্রতিবেদক
১৭ দেশের তিন হাজার রানারের অংশগ্রহণে হাতিরঝিলে ম‍্যারাথন
সংগৃহীত ছবি

রাজধানীর হাতিরঝিলে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে দেশের অন্যতম আন্তর্জাতিক মানের রানিং ইভেন্ট ‘টুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে’। শুক্রবার ভোর ৪টায় শুরু হওয়া এ আয়োজনে ১৭টি দেশের প্রায় তিন হাজার রানার অংশ নেন।

স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান রান বাংলাদেশের উদ্যোগে এবং টুরাগ অ্যাক্টিভের পৃষ্ঠপোষকতায় আয়োজিত প্রতিযোগিতাটি ২৫ কিলোমিটার, ১০ দশমিক ৩ কিলোমিটার ও ৩ কিলোমিটার ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, দেশের রানিং কমিউনিটিকে আরো শক্তিশালী করা, স্বাস্থ্যকর জীবনযাপনে মানুষকে উৎসাহিত করা এবং ফিটনেস সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন। আন্তর্জাতিক ম্যারাথন সংস্থা এইমস (অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথনস অ্যান্ড ডিস্ট্যান্স রেসেস)-এর স্বীকৃত সদস্য হওয়ায় প্রতিযোগিতাটি আন্তর্জাতিক মর্যাদা অর্জন করেছে।

২৫ কিলোমিটার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন মামুন আহম্মেদ। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে ইমরান হাসান ও কে এম সাজিদুল ইসলাম। নারী বিভাগে চ্যাম্পিয়ন হন হামিদা আক্তার জেবা। দ্বিতীয় হন নুসরাত জাহান এবং তৃতীয় স্থান লাভ করেন সায়তো রখথিত।

১০ দশমিক ৩ কিলোমিটার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন পলাশ শেখ। দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে মো. আনোয়ার ও আশরাফুল আলম। নারী বিভাগে শিরোপা জেতেন পারুল দাস। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে খাদিজা চৌধুরী ও আয়েশা নায়ার।

শিশুদের ৩ কিলোমিটার বিভাগেও ছিল ব্যাপক অংশগ্রহণ। ছেলে বিভাগে চ্যাম্পিয়ন হয় অভি ইসলাম। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে ইমতিয়াজ ও ফারাবী। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয় সামিহা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে নূর ওয়াফিয়া ও সুবহানা মাহদিয়া।

সমাপনী অনুষ্ঠানে টুরাগ অ্যাক্টিভের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর মোহাম্মদ নাঈম আখতার, চিফ অপারেটিং অফিসার আহম্মদ মনসুর রউফ, ঢাকা ২৫কের রেস ডিরেক্টর ও রান বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সাজনান মোহাম্মদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা বিজয়ী ও অংশগ্রহণকারী রানারদের অভিনন্দন জানান।

অনুষ্ঠানে মোহাম্মদ নাঈম আখতার বলেন, ম্যারাথন শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও সুস্থ জীবনযাপনের প্রতীক। একটি দেশের ক্রীড়া সংস্কৃতি বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আহম্মদ মনসুর রউফ বলেন, ‘ঢাকা ২৫কে’ এখন রানারদের জন্য একটি প্রত্যাশিত আয়োজনে পরিণত হয়েছে। প্রতিটি অংশগ্রহণকারীই একজন বিজয়ী, কারণ একটি ম্যারাথন সম্পন্ন করতে শারীরিক সক্ষমতার পাশাপাশি প্রয়োজন মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস।

ধানমণ্ডিতে বহুতল ভবন থেকে পড়ে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ধানমণ্ডিতে বহুতল ভবন থেকে পড়ে গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
সংগৃহীত ছবি

রাজধানীর ধানমণ্ডিতে একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে মোছা. রিক্তা মনি (১১) নামের এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল আনুমানিক ৬টায় ধানমণ্ডির ৯/এ নম্বর রোডের ৩৭ নম্বর বাসার ছাদে এ ঘটনা ঘটে।

নিহত রিক্তা সুনামগঞ্জ জেলার সালনা থানার নিজগাঁও গ্রামের দিনমজুর মো. শাহিন আলী ও মাজেদা বেগম দম্পতির মেয়ে। চার বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়।

সত্যতা নিশ্চিত করে ধানমণ্ডি থানার উপপরিদর্শক জান্নাতুল ফেরদৌসী বলেন, সকালে ওই বাসার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় রিক্তা। পরে আহত অবস্থায় রিক্তাকে উদ্ধার করে ধানমণ্ডির ১৫/এ নম্বর রোডের ইবনে সিনা স্পেশালাইজড অ্যান্ড কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ধানমণ্ডি থানা-পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে বিকেল ৪টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

তবে রিক্তার পরিবারের অভিযোগ, তাকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। নিহতের বাবা শাহিন আলী জানান, ঈদুল আজহার ১৫ দিন আগে এলাকার পরিচিত গাজীবুল নামের এক ব্যক্তির মাধ্যমে চার হাজার টাকা বেতনে মেয়েটিকে ওই বাসায় কাজে দিয়েছিলেন।

শাহিন আলী অভিযোগ করে বলেন, কয়েক দিন আগে রিক্তা ফোন করে তার মায়ের কাছে কান্নাকাটি করেছিল, সে আর ওই বাসায় কাজ করবে না। গত শুক্রবারেও ভিডিও কলে কেঁদেছিল। আমরা মেয়েকে নিয়ে আসতে চাইলে বাড়ির মালিক বলেন, গাজীবুলকে ১০ হাজার টাকা দিয়েছেন। ওই টাকা ফেরত দিয়ে মেয়েকে নিয়ে যেতে হবে। আমরা টাকা দিয়ে মেয়েকে নিয়ে আসতে রাজি হয়েছিলাম।

তিনি আরো বলেন, আজ হঠাৎ সকালে ফোনে আমাদের জানানো হয় রিক্তার আমাশয় হয়েছে এবং সে খুব অসুস্থ। পরে এসে জানতে পারি সে নাকি ভবন থেকে পড়ে গেছে। আমার মেয়ে ভবন থেকে পড়ে যায়নি, তাকে মারধর করে মেরে ফেলা হয়েছে।

রাজধানীতে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে নির্মীয়মাণ ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
সংগৃহীত ছবি

রাজধানীর বাড্ডা আফতাবনগর এলাকায় একটি নির্মীয়মাণ ভবন থেকে নিচে পড়ে ইকবাল হোসেন (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন যশোর জেলার মণিরামপুর থানার সালামপুর গ্রামের মোদাচ্ছের আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী ছিলেন এবং আফতাবনগরের ওই নির্মীয়মাণ ভবনেই থাকতেন।

নিহতের সহকর্মী আব্দুল মালেক জানান, সকালে আফতাবনগরে একটি নির্মীয়মাণ ৯ তলা ভবনের ৮ তলা থেকে সাটারিংয়ের কাঠ নিয়ে ৯ তলায় উঠছিলেন ইকবাল। এ সময় অসাবধানতাবশত তিনি ওপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

উদ্ধার করে দুপুর পৌনে ১২টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইকবালকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাড্ডা থানার উপপরিদর্শক শুভাশিস গাঙ্গুলি। তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।