• ই-পেপার

নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত

গাইবান্ধায় চার উপজেলার ২৫ পয়েন্টে তীব্র ভাঙন

বাউফল

বিএনপির শোভাযাত্রায় হামলার মামলায় ছাত্রশিবির সভাপতি গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিনিধি
বিএনপির শোভাযাত্রায় হামলার মামলায় ছাত্রশিবির সভাপতি গ্রেপ্তার
ইমরান হোসেন। সংগৃহীত ছবি

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, নেতাকর্মীদের আহত করা এবং মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার কালাইয়া বাণিজ্যিক বন্দরের নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার (২৭ জুন) রাতে উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অঙ্গসংগঠনের একটি মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় যুবদল ও ছাত্রদলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া প্রায় ২৫টি মোটরসাইকেল ভাঙচুরেরও অভিযোগ রয়েছে।

ঘটনার পর আহত দাশপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আল মামুন বাদী হয়ে বাউফল থানায় হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামিদের একজন ইমরান হোসেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিএনপির শোভাযাত্রায় হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ইমরান হোসেনকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

তবে এ ঘটনায় গ্রেপ্তার ইমরান কিংবা ছাত্রশিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। মামলার অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

অভিযুক্তের গায়ে আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিলের জার্সি, পুলিশ কর্মকর্তাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
অভিযুক্তের গায়ে আর্জেন্টিনার জার্সি বদলে ব্রাজিলের জার্সি, পুলিশ কর্মকর্তাকে শোকজ
সংগৃহীত ছবি

বরিশালে ইয়াবাসহ আটক এক ব্যক্তির পরনের আর্জেন্টিনার জার্সি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ব্রাজিলের জার্সিতে পরিবর্তন করে গণমাধ্যমে পাঠানোর অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এক উপ-পরিদর্শককে (এসআই) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত কর্মকর্তা তানজিল আহমেদ বিএমপির মিডিয়া সেলের দায়িত্বে কর্মরত। তাকে তিন দিনের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিষয়টি নিশ্চিত করে বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ বলেন, প্রাথমিকভাবে এসআই তানজিল আহমেদ ঘটনাটি স্বীকার করেছেন। তার দাবি, সোমবার ব্রাজিলের খেলা উপলক্ষে ‘আলোড়ন সৃষ্টি করার’ উদ্দেশে তিনি ছবিটি সম্পাদনা করেছিলেন। তার জবাব পাওয়ার পর পরবর্তী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিএমপির কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জীব চন্দ্র নাথ জানান, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি এলাকায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ রাসেল হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটকের সময় তার পরনে আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি ছিল। পরে জার্সিটি উল্টো করে পরিয়ে তার ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠানো হয়।

তিনি আরো জানান, মিডিয়া সেলের দায়িত্বে থাকা এসআই তানজিল আহমেদ এআই প্রযুক্তির মাধ্যমে ছবিতে থাকা আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিলের জার্সি যুক্ত করেন। পরে সম্পাদিত ছবিটি বিএমপির মিডিয়া সেল থেকে ই-মেইল ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়।

ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সম্পাদিত ছবি প্রত্যাহার করে প্রকৃত ছবি ও সংশোধিত তথ্য পুনরায় গণমাধ্যমে পাঠানো হয়।

বিএমপি কমিশনার বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ দর্শানোর নোটিশের জবাব পর্যালোচনা করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালা ভেঙে পটিয়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর, থানায় অভিযোগ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
তালা ভেঙে পটিয়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর, থানায় অভিযোগ
ছবি: কালের কণ্ঠ

চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে গভীর রাতে তালা ভেঙে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার রাতে পটিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বিএনপির সাবেক সভাপতি মো. ইদ্রিস মিয়া।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, সোমবার (২৯ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৪টার মধ্যে যেকোনো সময়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা দক্ষিণ ছনহরাস্থ ৩ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে কার্যালয়ে থাকা চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বাঁধানো ছবি ভাঙচুর করা হয়।

এ ছাড়াও কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুরের পাশাপাশি একটি স্ট্যান্ড ফ্যান, প্লাস্টিকের চেয়ার এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগকারী মো. ইদ্রিস মিয়া বলেন, বিএনপি অফিসে চুরি ও ভাঙচুরের এ ঘটনা রাজনৈতিকভাবে কার্যালয়কে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

স্থানীয়রা বলছেন, রাতের আঁধারে এ ধরনের ঘটনা এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে। দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করা প্রয়োজন যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও মালামাল চুরির অভিযোগে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাতের আঁধারে কবরস্থানে অগ্নিসংযোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

ফরিদপুর প্রতিনিধি
রাতের আঁধারে কবরস্থানে অগ্নিসংযোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি সামাজিক কবরস্থানে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে গাছপালা ও কবরের ওপর গজিয়ে ওঠা ছনগাছ পুড়ে গেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৩০ জুন) কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মো. মোরাদ হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আলী যৌথভাবে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রাম-নওয়াপাড়া ঈদগাহ কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা কবরস্থানের ভেতরে আগুন দেয়। এতে কবরের ওপর জন্মানো ছনগাছ, ঝোপঝাড় ও কয়েকটি গাছ পুড়ে যায়। সকালে স্থানীয়রা কবরস্থানে গিয়ে আগুনে পোড়া বিভিন্ন অংশ দেখতে পান। পরে বিষয়টি কবরস্থান পরিচালনা কমিটিকে জানানো হয়।

এলাকাবাসীর অভিযোগ, কবরস্থান একটি ধর্মীয় ও সামাজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। সেখানে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার ঘটনা শুধু সম্পদের ক্ষতিই নয়, ধর্মীয় অনুভূতিতেও আঘাত করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মো. মোরাদ হোসেন তালুকদার বলেন, কবরস্থানের মতো পবিত্র স্থানে আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দ্রুত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছি।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।