• ই-পেপার

দোহারে পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ মহিলা দল নেত্রীর

সালথায় নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
সালথায় নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
সংগৃহীত ছবি

ফরিদপুরের সালথা উপজেলায় গাছবোঝাই একটি নছিমন ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে জুলহাস মাতুব্বর (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুলহাস মাতুব্বর উপজেলার নিধিপট্টি গ্রামের ওহিদ মাতুব্বরের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত নছিমনের চালক ছিলেন।

স্থানীয়রা জানান, শৈলডুবি এলাকায় গাছবোঝাই একটি নছিমনের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনের চালক জুলহাস মাতুব্বর গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কিশোর গ্যাংয়ের দাপটে অস্থির শিল্পনগরী টঙ্গী

রিপন আনসারী, গাজীপুর
কিশোর গ্যাংয়ের দাপটে অস্থির শিল্পনগরী টঙ্গী
২৮ জুন ঝুট ব্যবসা দখলের জন্য টঙ্গী বিসিকে জনৈক কিশোর এভাবেই অস্ত্র উঁচিয়ে মোটরসাইকেল মহড়ায় অংশ নেয়। ছবি : ভিডিও থেকে নেওয়া।

ঝুট ব্যবসার হাতবদল ও দখল  নিয়ে টঙ্গী শিল্পাঞ্চলে (বিসিক) প্রায়শই মোটরসাইকেলের মহড়া হয়। কয়েক দিন পর পর ব্যবসার হাতবদল ও ব্যবসা দখলের হাতিয়ার হিসেবে এই ধরনের মহড়া এখন নিত্যদিনের চিত্র। যে কোনো সময় মহড়া শুরু হওয়ার কারণে শিল্পনগরী টঙ্গীর দুই শতাধিক শিল্পপ্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানসংলগ্ন দোকানপাট ও  ব্যবসা প্রতিষ্ঠানসহ জননিরাপত্তা এখন হুমকিতে পড়ে গেছে।

অনুসন্ধানে জানা যায়, টঙ্গী বিসিকে দুই শতাধিক শিল্পপ্রতিষ্ঠান চলমান রয়েছে। এসব শিল্পপ্রতিষ্ঠানে ঝুটসহ নানা ধরনের লাভজনক ব্যবসা সব সময়ই রাজনৈতিকভাবে করা হয়ে থাকে। যে দল যখন ক্ষমতায় থাকে সে দলের লোকজন এসব ব্যবসা করেন। ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে ক্ষমতাসীন দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্ধ অন্ধকারে থেকে ভাগ-বাটোয়ারা করেন। সরকার বদলের সঙ্গে সঙ্গে এসব ব্যবসারও হাতবদল হয়। হাতবদলের সময় ব্যবসা দখলে বেআইনি শক্তি প্রদর্শনের জন্য মোটরসাইকেল মহড়া দিয়ে শক্তির জানান দেওয়া হয়। কারণ শিল্পপতিরা যে নেতার শক্তি বেশি তাকেই ব্যবসার সুযোগ দেয়। নিরাপত্তাজনিত কারণে শিল্পমালিকেরা শক্তিশালী নেতাদের এসব ব্যবসার সুযোগ দেন সব সময়। তবে ক্ষমতাসীন স্থানীয় নেতাদের মধ্যে কে কোন শিল্পপ্রতিষ্ঠানে ব্যবসা করবেন তাও আবার ওপর থেকে ডিও লেটারের মতো সংকেত আসে। কাঁচা টাকার লাভজনক এই ব্যবসার জন্য শিল্প এলাকায় এখন রাজনীতি বেশি হয়। যে এলাকায় শিল্পপ্রতিষ্ঠান যত কম রাজনৈতিক সহিংসতা ওইসব এলাকায় তত কম।

সূত্রমতে, ক্ষমতার পালাবাদলের সঙ্গে সঙ্গে কিছু দিন এসব মহড়া দিয়ে ব্যবসা দখল জবরদখল ও হাতবদল হয়। কিন্তু নেতাদের দলে গ্রহণযোগ্যতা হ্রাস পেলে বা বড় নেতাদের আশীর্বাদ কমে গেলে আবার ব্যবসারও হাতবদল হয়ে যায়। রাজনীতিতে জোয়ার-ভাটা থাকার কারণে প্রায় সারা বছরই ঝুট ব্যবসার জন্য হাতিয়ার হিসেবে মোটরসাইকেল মহড়া অবধারিত হয়ে যায়। ফলে নেতারাও মহড়া দেওয়ার শক্তি সঞ্চয় করতে গিয়ে মহড়ার লোকজন হাতে রাখেন।

খোঁজখবর নিয়ে জানা গেছে, মোটরসাইকেল  মহড়ায় যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে অধিকাংশই বয়সে তরুণ বা কিশোর। অল্প বয়সে কাঁচা টাকার গন্ধে তারা সহজেই মহড়ার সদস্য হয়ে যায়। এ ছাড়া টঙ্গী শিল্পাঞ্চলে ১৯টি বস্তিতে বসবাসকারী দুই লক্ষাধিক বাসিন্দার মধ্যে ৩০/৪০ হাজার মানুষ নিম্ন আয়ের ও বেকার। বেকার থাকায় জীবিকার তাগিদে তারা সহজেই চুরি, ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়ে যায়। ফলে সহজেই ঝুট ব্যবসা দখলের জন্য মোটরসাইকেল মহড়ায় কিশোরদের ব্যবহার করা যায়। আর যারা মাদক সেবন করে তাদের কিছু টাকা দিলেই মহড়ায় অংশগ্রহণ করে। ফলে মোটরসাইকেল মহড়ায় অংশ নেওয়া অধিকাংশ কিশোর ও তরুণ দুর্ধর্ষ হয়ে গেছে। তারা অ্যাকশনের সময় যা খুশি তাই করতে পারে। সাধারণ মানুষ ও শিল্পমালিকেরা এই মহড়ার ভয়ে সব সময় তটস্থ থাকে। এতে টঙ্গী শিল্পাঞ্চলের দুই শতাধিক শিল্পপ্রতিষ্ঠান ও কয়েক লাখ মানুষ সব সময় নিরাপত্তা সংকটে আতঙ্কিত থাকেন। এ ছাড়া ঘনবসতিপূর্ণ টঙ্গী শিল্পাঞ্চলে বস্তির সংখ্যা বেশি হওয়ায় চুরি, ছিনতাই ও মাদকের ছড়াছড়ি অহরহ। সব মিলিয়ে টঙ্গী এখন অনিরাপদ অনেকটাই।

টঙ্গী শিল্পাঞ্চলের পাগার এলাকার হোটেল ব্যবসায়ী তাসলিমা বেগম (৪৫) জানান, বিভিন্ন মিলে প্রায়ই হোন্ডার বহর আসে। এরকম দেখলে ভয়ে আমরা হোটেল বন্ধ করে ফেলি।
টঙ্গীর তিস্তারগেট এলাকার চায়ের দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রকাশ্যেই অস্ত্র নিয়ে দোকানে চা খেতে আসে অল্প বয়সীরা। আমি ভয়ে চা-সিগারেট দিই। টাকা না দিলেও চাই না। কারণ যদি ভাঙচুর শুরু করে।

নিরাপত্তাজনিত কারণে টঙ্গীতে অবস্থিত তিনটি শিল্পপ্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, সরকার পরিবর্তন, নেতাদের ক্ষমতা কমে যাওয়া ও ঝুট ব্যবসার হাতবদলে প্রায়ই মহড়ার মুখোমুখি হই আমরা। অনেক সময় আমাদের প্রতিষ্ঠান ভাঙচুরও হয়। এসব বিষয়ে আমরা সহজে আইনের আশ্রয় নিই না। কারণ এখানেই ব্যবসা করতে হবে। তাই নিরাপত্তা একটি বড় বিষয়।

এসব বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন কালের কণ্ঠকে বলেন, টঙ্গীতে ছিনতাই ও মাদক আগের থেকে কমেছে। আমরা ধারাবাহিকভাবে অভিযান করছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কমিশনার আমাদের সব ধরনের নির্দেশনা দিয়েছেন। আশা করছি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে উন্নতি হয়েছে, সামনে আরো উন্নতি হবে ইনশাআল্লাহ।

নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পিস্তল, ম্যাগাজিন ও একটি অ্যানড্রয়েড মোবাইল ফোনসহ মো. নাজির হোসেন (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজির হোসেন মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেঁজগাঁও গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকায় বেবী বেগমের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতনগর এলাকার আয়শা খাতুনের বাড়ির একটি তেঁতুল গাছের শিকড়ের ভেতরে লুকিয়ে রাখা ম্যাগাজিনসংযুক্ত একটি সচল পিস্তল উদ্ধার করা হয়। এ সময় নাজির হোসেনকে একটি কালো রঙের অ্যানড্রয়েড মোবাইল ফোনসহ আটক করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত চলছে।

মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে আশুগঞ্জে মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে আশুগঞ্জে মহাসড়ক অবরোধ
ছবি : কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ থাকায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে চর সোনারামপুর এলাকার কয়েকশ বাসিন্দা প্রথমে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে একটি বিক্ষোভ মিছিল আশুগঞ্জ বাজার প্রদক্ষিণ করে আশুগঞ্জ গোলচত্বরে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, চর সোনারামপুর এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এতে নদীভাঙনের ঝুঁকি বাড়ার পাশাপাশি স্থানীয় বসতভিটা, ফসলি জমি ও আশপাশের জনপদ হুমকির মুখে পড়েছে। তারা অবিলম্বে ড্রেজার অপসারণ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান।

খবর পেয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া, আশুগঞ্জ থানা পুলিশ এবং খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসের পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন এবং যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।