গাজীপুর সদর উপজেলায় ৫০ শয্যার একটি সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনসহ সকল নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকালে উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ডে সচেতন নাগরিক সমাজের আয়োজিত মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ শিক্ষক-শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশ নেয়।
তারা বলেন, ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন ঘোষণার পরে নতুন করে ভাওয়ালগড়, পিরুজালী, মির্জাপুর ও বাড়িয়া ইউনিয়ন নিয়ে গাজীপুর সদর উপজেলা পরিষদ গঠিত হয়। আয়তনের দিক থেকে ছোট হলেও শিল্পায়নের কারণে এই উপজেলায় বাড়তি লোকের বসবাস রয়েছে। উপজেলা গঠনের পরও এই এলাকার মানুষ নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কারণ নেই কোনো সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স। চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রায় ২৫ থেকে ৩০ কিলোমিটার দূরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালই একমাত্র ভরসা।
তারা আরো বলেন, গাজীপুর সদর উপজেলার প্রশাসনিক সকল কার্যক্রম চলছে সিটি করপোরেশনের পুরনো অফিস থেকে। যেখানে সরকারি সুযোগ সুবিধা পেতে ভোগান্তি পোহাতে হয়। আমরা এই ভোগান্তির অবসান চাই। আমরা নিজ উপজেলায় প্রসাশনিক ভবনসহ ৫০ শয্যার একটি স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনের জোর দাবি জানাচ্ছি।
এ সময় বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জয়নাল আবেদীন রিজভী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এমদাদুল হক মুসুল্লি, আহ্বায়ক সদস্য বাতেন বিএসসি, জেলা যুবদলের ১ নং যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, সদস্য জাহাঙ্গীর সিকদার, কাওছার আহমেদ মোল্লা, উপজেলা যুবদল নেতা শরিফুল বাশার স্বজল, জেলা ছাত্রদলের সভাপতি (ভারপ্রাপ্ত) সোহাগ হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি সাইফুল ইসলাম খোকনসহ অনেকেই।




