সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের নজরদারিতে ক্লোজসার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। শনিবার (২০ জুন) বিকেল তিনটার দিকে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দান বাক্সের উপর ও ডেগে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়।
এর আগে গত ১৮ জুন মাজারে ডেগ সিলগালা করে নতুন দানবাক্স বসায় জেলা প্রশাসন। ওইদিনই ডেগ ও দানবাক্স পাহারার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়।
মাজারের আয়-ব্যয়ে কার্যক্রমে স্বচ্ছতা আনতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। যদিও জেলা প্রশাসনের এসব উদ্যোগকে বাড়াবাড়ি ও জোরজবরদস্তি আখ্যায়িত করে ক্ষোভ প্রকাশ করেছেন বাজারসংশ্লিষ্টরা।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাজারের দানবাক্স ও সিলগালা করা ডেগ নজরদারি করতে একাধিক সিসি ক্যামেরা বসানো হয়েছে। নতুন স্থাপিত সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দান বাক্সের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, এই উদ্যোগের ফলে মাজারে আগত দর্শনার্থী ও ভক্তদের দান কার্যক্রমে আস্থা, দান বাক্সে অর্থ জমা ও সংশ্লিষ্ট কার্যক্রম আরো সুশৃঙ্খল ও পর্যবেক্ষণের আওতায় আসবে এবং মাজার কেন্দ্রীক স্বচ্ছতা আরো বৃদ্ধি পাবে। পাশাপাশি ব্যবস্থাপনায় জবাবদিহিতা নিশ্চিত হবে।




