বগুড়ার ধুনট উপজেলায় মাদক সেবনের দায়ে শাহ আলম সেখ (৩২) নামের এক শ্রমিককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২০ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত শাহ আলম সেখ ধুনট সদর পাড়া এলাকার পিয়ার আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) তাহিদুল আলম।
স্থানীয় সূত্র জানায়, শাহ আলম সেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। তিনি প্রায়ই মাদক সেবন করে মাতলামি করতেন। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে সদর পাড়া এলাকায় প্রকাশ্যে গাঁজা সেবনের সময় ভ্রাম্যমাণ আদালত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন। এ সময় গাঁজাসহ তাকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড দেন।
বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) তাহিদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে একজন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
তিনি মাদক ও জুয়া প্রতিরোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতাও কামনা করেন।






