ফিফা বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে সারা দেশ। শহর থেকে গ্রাম—সবখানেই ফুটবলপ্রেমীরা নিজেদের প্রিয় দলের সমর্থনে আনন্দ-উল্লাসে মেতে রয়েছেন। বিশ্বকাপের সূচি অনুযায়ী শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৬টায় (বাংলাদেশ সময়) ব্রাজিল ও হাইতির মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রিয় দল ব্রাজিলের খেলা উপভোগ করতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারের গোডাউন মোড়ে সকাল থেকেই সমর্থকদের ভিড় দেখা যায়।
ফিফা বিশ্বকাপ-২০২৬ শুরুর পর থেকেই গোডাউন মোড়ে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া হাকিমপুর পৌর শহরসহ উপজেলার বিভিন্ন গ্রামেও বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল থেকেই দলীয় জার্সি পরে ছোট-বড় সব বয়সের ফুটবলপ্রেমীরা গোডাউন মোড়ে জড়ো হতে থাকেন। খেলা শুরুর আগেই দর্শকে পরিপূর্ণ হয়ে ওঠে এলাকা। তবে খেলা দেখতে এসে সাউন্ড সিস্টেমের বক্সের তার খুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন কয়েকজন ব্রাজিল সমর্থক। এ ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন।
ম্যাচের প্রথমার্ধেই ব্রাজিল হাইতির বিপক্ষে তিন গোল করলে সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। বাঁশি বাজিয়ে ও উল্লাস প্রকাশ করে তারা দলের সাফল্য উদযাপন করেন। অনেক সমর্থকই মনে করছেন, তারকা ফুটবলার নেইমার জুনিয়র না থাকলেও ব্রাজিলের শক্তি ও সামর্থ্যে কোনো ঘাটতি নেই।
ব্রাজিলের ক্ষুদে সমর্থক খোয়েব ও রোহান বলেন, ব্রাজিল এমন একটি দল, যারা নেইমার জুনিয়র ছাড়াও ভালো খেলতে পারে। আজ হাইতির বিপক্ষে প্রথমার্ধেই তিন গোল করেছে। তাই আমরা আশাবাদী, এবার বিশ্বকাপ ট্রফি ব্রাজিলের ঘরেই যাবে এবং আমরা ষষ্ঠ শিরোপার আনন্দ উদযাপন করব।
ব্রাজিল সমর্থক মিজানুর রহমান বাবু বলেন, প্রিয় দলের খেলা দেখতে গোডাউন মোড়ে এসে দেখি সাউন্ড বক্সের তার খুলে নেওয়া হয়েছে। আমরা চাই, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সবাই যেন শান্তিপূর্ণ পরিবেশে বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারে। আজকের জয়ে আমরা আরো আশাবাদী হয়েছি যে ব্রাজিল বিশ্বকাপে ভালো কিছু করবে।
উপজেলার বৈগ্রাম এলাকার ব্রাজিল সমর্থক মশিউর রহমান বকুল বলেন, ফুটবল মানেই আনন্দ, আর বিশ্বকাপ ফুটবল মানেই বাড়তি উৎসব। ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপ শিরোপা আছে, এবার ষষ্ঠ শিরোপা জিতে সেই ইতিহাস আরো সমৃদ্ধ করবে—এটাই আমাদের প্রত্যাশা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, পুরো বিশ্বকাপজুড়ে যেন কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে এবং সবাই আনন্দের সঙ্গে খেলা উপভোগ করতে পারে।







