• ই-পেপার

ভাগ্নেকে বিয়ে করলেন মামি, দেশে ফিরে কুয়েতপ্রবাসীর আত্মহত্যা

ফ্যামিলি কার্ড কর্মসূচি

পাচার বন্ধ করতে পারলে অর্থের কোনো অভাব হবে না : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
পাচার বন্ধ করতে পারলে অর্থের কোনো অভাব হবে না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও পাচার বন্ধ করতে পারলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি পরিচালনায় অর্থের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ জুন) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, আমরা দেখেছি কীভাবে জনগণের অর্থ বিগত এক যুগ ধরে, ১৭ বছর ধরে এই দেশ থেকে পাচার হয়ে গেছে। জনগণের অর্থ জনগণকে না দিয়ে একটি দল বিদেশে পাচার করে দিয়েছিল। এই জনগণের টাকা আর পাচার হতে দেব না আমরা।

ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির অর্থের উৎস নিয়ে বিভিন্ন মহলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ করছে। নারীরা স্বাবলম্বী না হলে দেশের উন্নয়ন সম্ভব না। তাই সরকার নির্বাচিত হয়ে নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিচ্ছে। যারা বিভ্রান্তি ছড়াতে চায়, তারা বলে ফ্যামিলি কার্ডের টাকা কোথা থেকে আসবে। জনগণের টাকা আর পাচার হতে দেওয়া হবে না। রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও পাচার বন্ধ করতে পারলে এই কার্যক্রম পরিচালনায় অর্থের কোনো অভাব হবে না।

চলতি বাজেটকে 'গণবিরোধী' আখ্যা দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, যে বাজেটে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, শিক্ষা খাতে বরাদ্দ এবং ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা হয়েছে, সেই বাজেটকে যাঁরা জনবিরোধী বলছেন, তাঁরা কখনো জনগণের বন্ধু হতে পারেন না।

তিনি বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের ৪০ লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড এবং ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘সংসদ সদস্য, সংসদে চলে যান’—বিমানবন্দরে এমপিদের প্রধানমন্ত্রী

ইয়াহইয়া ফজল, সিলেট
‘সংসদ সদস্য, সংসদে চলে যান’—বিমানবন্দরে এমপিদের প্রধানমন্ত্রী
ছবি : কালের কণ্ঠ

মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে সিলেটে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত সিলেট বিভাগ থেকে হওয়া মন্ত্রী, সংসদ সদস্যসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। বিমানবন্দরে নেমে তাদের সঙ্গে করমর্দন করেন প্রধানমন্ত্রী। সংসদ অধিবেশন চলাকালে সেখানে উপস্থিত থাকা এমপিদের সঙ্গে করমর্দনের সময় প্রধানমন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, ‘সংসদ সদস্য, সংসদে চলে যান।’

বুধবার (১৭ জুন) সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানববন্দরে অবতরণ করে।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ জি কে গউছ; সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী; সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী; সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের শামীম, সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম প্রমুখ।
 
বিমানবন্দরে একে একে সবার সঙ্গে করমর্দন করেন তারেক রহমান। করমর্দনের সময় তিনি উপস্থিত সংসদ সদস্যদের বলেন, ‘সংসদ সদস্য, সংসদে চলে যান।’
 
প্রধানমন্ত্রীর এমন পরামর্শের পর মৌলভীবাজার না গিয়ে সংসদ অধিবেশনে যোগ দিতে ঢাকায় ফিরে যান একাধিক সংসদ সদস্য। সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী এবং সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ ঢাকায় ফিরে গেছেন বলে বিএনপির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এসব বিষয়ে জানতে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কালের কণ্ঠকে বলেন, ‘প্রধানমন্ত্রী বিমানবন্দরে উপস্থিত সংসদ সদস্যদের দেখে বলেন, সংসদ সদস্য, সংসদে চলে যান।’ এরপর কেউ কি ঢাকায় ফিরেছেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘এমরান আহমদ চৌধুরী ও মোহাম্মদ কয়সর আহমদ ঢাকায় ফিরে গেছেন বলে আমি জেনেছি।’

এদিকে বিমানবন্দর থেকে বের হয়ে সকাল সাড়ে ১০টায় সড়ক পথে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন তারেক রহমান। বিমানবন্দর সড়কে সিলেট জেলা যুবদল, আম্বরখানা এলাকায় মহানগর বিএনপি, সিলেটের দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে জেলা বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে তিনি মৌলভীবাজার পৌঁছান।

বিএনপির সূত্রে জানা গেছে, ‘সিলেটে প্রধানমন্ত্রীর কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। মৌলভীবাজারের কর্মসূচিতে যোগ দিতে তিনি ঢাকা থেকে সিলেটে আসা ও ঢাকা ফেরার জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন। 

জামালপুর

স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শিক্ষার্থী ধর্ষণে যুবকের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি
স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড, শিক্ষার্থী ধর্ষণে যুবকের যাবজ্জীবন
ছবি: কালের কণ্ঠ

জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় স্বামী আলাল শেখকে (৫০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আলাল শেখ উপজেলার রহিমপুর গ্রামের মজর উদ্দিনের ছেলে। 

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৬ মে আলাল শেখ যৌতুকের দাবিতে তার স্ত্রী নাইফুল বেগমকে মারধরের পর আগুনে পুড়িয়ে হত্যা করেন। ওই ঘটনায় নিহতের বাবা আব্দুল খালেক বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলার বিচারিক কার্যক্রম শেষে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত তাকে মৃত্যুদণ্ড এবং পাঁচ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

এদিকে একই দিনে দেওয়ানগঞ্জের এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় রাজিব হোসেন (২৮) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত রাজিব হোসেন উপজেলার বাঘারচর গ্রামের জসিজল হকের ছেলে।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফজলুল হক বলেন, যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে আলাল শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া পৃথক একটি ধর্ষণ মামলায় রাজিব হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
 

রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রূপগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ
ছবি: কালের কণ্ঠ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মানবিক সহায়তা (জিআর) কর্মসূচির আওতায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্যশস্য, শুকনা খাবার, টিন ও গৃহ মঞ্জুরির নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল ১০টায় রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, রূপগঞ্জ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।

এ সময় প্রধান অতিথি বলেন, সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন সংকটে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সুবিধাভোগীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দরিদ্র ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে চাল, শুকনা খাবার, ঢেউটিন এবং গৃহ নির্মাণ বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।