• ই-পেপার

কালীগঞ্জে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে মৃত্যু, দুই সহযোগী আটক

ফকিরহাটে সরকারি বস্তায় ধান বহন, ব্যবসায়ী গ্রেপ্তার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফকিরহাটে সরকারি বস্তায় ধান বহন, ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

বাগেরহাটের ফকিরহাটে সরকারি ট্যাগ লাগানো বস্তায় ধান বহন করার অপরাধে সাধন ঘোষ (৩৮) নামে এক ধান ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ধান বহনকারী ট্রাকসহ ৪৩১ বস্তা ধান জব্দ করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার বটিয়াঘাটার ভাদগাতী এলাকার মৃত পরিতোষ ঘোষের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালেরহাট এলাকা থেকে ট্রাকসহ বস্তাভর্তি ধান জব্দ করা হয়। ট্রাকে থাকা ৪৩১ বস্তায় সরকারি সিল রয়েছে।

ধান ব্যবসায়ী সাধান ঘোষ বিভিন্ন এলাকা থেকে ধান কিনে বাড়তি সুবিধার জন্য সরকারি বস্তায় ধান নিয়ে খুলনা উদ্দেশ্যে যাওয়ার পথে তা জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানার এসআই মো. হাসানুজ্জামান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন।

ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সরকারি বস্তায় ধান বহন করার অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা ট্রাকসহ বস্তা ভর্তি ধান খাদ্য গুদামে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।’

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এমপি জীবা আমিন খান

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এমপি জীবা আমিন খান
সংগৃহীত ছবি

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন সংসদ সদস্য জীবা আমিন খান। বুধবার (১৭ জুন) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালীর জাফরপাড়া বাবনপুর এলাকায় কবর জিয়ারত করেন। এরপর তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। 

এসময় জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহামুদুন নবী চৌধুরী পলাশসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জেবা আমিন বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আবু সাঈদের আত্মত্যাগ জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। 
 

ইটভাটার পুকুর থেকে ট্রাক হেলপারের মরদেহ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
ইটভাটার পুকুর থেকে ট্রাক হেলপারের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া এলাকায় ইটভাটার পুকুরে একটি ইটবোঝাই ট্রাক পড়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ ট্রাক হেলপার শাহীনের (২৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুর ২টার দিকে হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চারিয়া ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে চারিয়া ব্রিকফিল্ড এলাকার একটি পুকুরসংলগ্ন সড়ক দিয়ে অতিরিক্ত ইটবোঝাই একটি ট্রাক যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকের হেলপার শাহীন নিখোঁজ হন।

খবর পেয়ে স্থানীয়রা প্রাথমিক উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে জানানো হলে হাটহাজারী ফায়ার সার্ভিসের ইউনিট এবং আগ্রাবাদ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে দুপুর ২টার দিকে ডুবুরি দল শাহীনের মরদেহ উদ্ধার করে।

তবে পুকুরটি গভীর হওয়ায় দুর্ঘটনাকবলিত ট্রাকটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনিস জানান, মরদেহ থানায় নেওয়া হয়েছে। নিহতের স্বজনরাও থানার উদ্দেশে রওনা হয়েছেন।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান বলেন, মরদেহ উদ্ধার করে হাটহাজারী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

কমলগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদল আমাদের প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ও মানুষের ভাগ্য বদলই আমাদের সরকারের প্রধান লক্ষ্য। দেশের কোনো মানুষ পিছিয়ে থাকবে না। উন্নয়নের সুফল সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।

বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গলে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এদিন বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিকে উপেক্ষা করে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল দুই উপজেলার লক্ষাধিক মানুষ অনুষ্ঠানে অংশ নেন। সকাল থেকেই শ্রীমঙ্গলের সভাস্থলে মানুষের ঢল নামে। চা শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ, নারী-পুরুষ, যুবক-যুবতীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানমুখী উদ্যোগ দেশের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ কাজ করছে। সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী চা শ্রমিক পরিবারের জন্য বসতঘর নির্মাণে জনপ্রতি দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা, প্রতিবন্ধী ব্যক্তি এবং সুবিধাবঞ্চিত শিশুদের লেখাপড়ার জন্য আর্থিক অনুদান প্রদান করেন। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাজকল্যাণ মন্ত্রীর সভাপতিত্বে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এমপি এবং প্রতিমন্ত্রী মিজ্‌ ফারজানা শারমীন, এমপি। জেলা বিএনপির আহব্বায়ক ফয়জুল করিম ময়ুন।

কমলগঞ্জ-শ্রীমঙ্গল (৪) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর এ সফর শ্রীমঙ্গল-কমলগঞ্জ অঞ্চলের উন্নয়ন ও সম্ভাবনাকে আরো গতিশীল করবে। এলাকার জনগণের দীর্ঘদিনের বিভিন্ন প্রত্যাশা বাস্তবায়নের ক্ষেত্রেও এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এছাড়াও বক্তব্য দেন উপকারভোগী ওয়াজেদা বেগম ও শিউলি রানী দাস তার বলেন, ‘প্রধানমন্ত্রী প্রান্তিক পর্যায়ে অসহায় মানুষের জন্য এমন মহৎ উদ্যোগে দোয়া করি আপনি আরো বেশি করে মানুষের কল্যাণে কাজ করবেন।’

অনুষ্ঠিত এ জনসভায় স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।