• ই-পেপার

সুনামগঞ্জে আর্জেন্টিনা ভক্তদের বিশাল শোভাযাত্রা

লাকসামে জিয়া সাইবার ফোর্সের বৃক্ষরোপণ কর্মসূচি

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসামে জিয়া সাইবার ফোর্সের বৃক্ষরোপণ কর্মসূচি
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লার লাকসামে জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে লাকসাম রেলওয়ে জংশন লেকপাড় এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ মজির আহমেদ।

আয়োজকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি গাছ রোপণ কর্মসূচির অংশ হিসেবে জিয়া সাইবার ফোর্সের লাকসাম উপজেলা ও পৌরসভা শাখা এ উদ্যোগ গ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ মজির আহমেদ বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নির্মল ও স্বচ্ছ বায়ু নিশ্চিত করতে বৃক্ষরোপণের বিকল্প নেই।’

তিনি বলেন, ‘শুধু গাছ লাগালেই হবে না, এগুলোর নিয়মিত পরিচর্যাও করতে হবে। লাকসামকে ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ শহরে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।’

তিনি আরো বলেন, একটি বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সহ-সভাপতি আলহাজ মো. মোস্তফা কামাল, জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) লাকসাম উপজেলা কমিটির সহ-সভাপতি জান্নাত সোলায়মান, পৌরসভা কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফুর রহমান রুপাসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস মোকাবেলায় মির্জাপুরে প্রশিক্ষণ কর্মশালা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস মোকাবেলায় মির্জাপুরে প্রশিক্ষণ কর্মশালা
ছবি : কালের কণ্ঠ

‘চলুন আমরা একসঙ্গে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস মোকাবেলা করি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে মির্জাপুরের কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের ডাক্তার ঝান্ডা হলে এ কর্মশালার আয়োজন করা হয়। কোইকা, গ্লোবাল কেয়ার, পিএমসিআই এবং কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের যৌথ উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প ব্যবস্থাপক ডা. সিনাং লিম। এ সময় আরো বক্তব্য দেন ফিল্ড ম্যানেজার লিপস মৃ, কুমুদিনী হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক আব্দুল হাই, প্রান্তিক রায় ও খোরশেদ আলম।

আলোচনায় বক্তারা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকি, প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে কুমুদিনী হাসপাতালের অভিজ্ঞ নার্সরা মাঠকর্মীদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করার ব্যবহারিক প্রশিক্ষণ দেন।

প্রশিক্ষণ কর্মশালায় প্রকল্পের প্রায় ২০০ মাঠকর্মী অংশগ্রহণ করেন।

সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জে দুইটি ট্রাকের মধ্যে গতির প্রতিযোগিতা ও ওভারটেকিং করার সময় ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণে এ ঘটনা ঘটে। 

নিহত নুরুল ইসলাম সিরাজগঞ্জ সদর ট্রাফিক পুলিশের এটিএসআই পদে কর্মরত ছিলেন। তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার বোহাইল গ্রামের আফসার আলীর ছেলে। 

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম জানান, সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণপাশে মহাসড়কে ডিউটি করছিলেন নুরুল ইসলামসহ ট্রাফিক পুলিশের সদস্যরা। এ সময় দুটির ট্রাকের মধ্যে গতির প্রতিযোগিতার এক পর্যায়ে ওভারটেকিং করতে গিয়ে নুরুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

ওসি বলেন, ময়নাতদন্তের পর নিহতের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

ছাতকে ট্রাফিক পয়েন্টে স্কুলছাত্রকে মারধর

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকে ট্রাফিক পয়েন্টে স্কুলছাত্রকে মারধর
সংগৃহীত ছবি

সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এক স্কুলছাত্রকে মারধর করে আহত করা এবং তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ছাতক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্বজন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাহাদুরপুর (গণেশপুর) গ্রামের বাসিন্দা মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী চাকলপাড়া এলাকার রেদওয়ান (২৩) ও তার সঙ্গে থাকা এক অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, মঙ্গলবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ছাতক টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র ইয়াছিন আরাফাত ফাহিম সিএনজি অটোরিকশাযোগে ছাতক থেকে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে পৌঁছান। সেখানে তিনি তার বড় ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অভিযুক্ত রেদওয়ান তার কাছে বাড়ি কোথায় জানতে চাইলে ফাহিম নিজেকে ছাতকের বাসিন্দা বলে পরিচয় দেন। এর পরপরই রেদওয়ান ও তার সহযোগী তাকে মারধর শুরু করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ফাহিমকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে। একপর্যায়ে তার মাথা পাশের একটি পাকা দেয়ালের সঙ্গে ধাক্কা দিয়ে জখম করা হয়। পাশাপাশি ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগে আরো বলা হয়, ঘটনাস্থলে লোকজন জড়ো হতে শুরু করলে অভিযুক্তরা ফাহিমের সঙ্গে থাকা নগদ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর স্বজনরা বলেন, একজন নবম শ্রেণির ছাত্রকে কেবল নিজের এলাকার পরিচয় দেওয়ার কারণে প্রকাশ্যে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ছাতক ও গোবিন্দগঞ্জ এলাকার কিছু ব্যক্তির মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য ও স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। কয়েকদিন ধরে ফেসবুকে একে অপরকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য ও পোস্ট দিতে দেখা গেছে। স্কুলছাত্রের ওপর হামলার এ ঘটনাটি ওই চলমান উত্তেজনার সঙ্গে কোনোভাবে সংশ্লিষ্ট কি না, তা নিয়েও এলাকায় আলোচনা রয়েছে। তবে অভিযোগের সঙ্গে ওই বিরোধের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত ছাড়া নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য এসআই জাহাঙ্গীরকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’