<p style="text-align: justify;">নড়াইলের লোহাগড়া উপজেলায় নানির সঙ্গে মধুমতী নদীতে গোসলে নেমে নিখোঁজের দুই দিন পর সীমা খানম (১৪) নামে এক বুদ্ধি প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মধুমতী নদীর ইছাখালি চর থেকে তার মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।</p> <p style="text-align: justify;">সীমা খানম লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে উপজেলার ঘাঘা গ্রামে নানির সঙ্গে বসবাস করতেন।</p> <p style="text-align: justify;">স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (১০ মে) দুপুর ২টার দিকে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা গ্রামের নতুনপাড়া থেকে সীমা খানম তার নানির সঙ্গে বাড়ির পাশে মধুমতী নদীতে গোসলে নামে। পরে নদীর তীব্র স্রোতে পানিতে ডুবে যায় সে। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর খুলনা থেকে একটি ডুবুরি দল এসে খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি। পরে মঙ্গলবার সকালে উপজেলার ইছাখালি চর এলাকায় তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ও পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।</p> <p style="text-align: justify;">লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগউজ্জামান সীমা খানমের মরদেহ উদ্ধার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি করলেও নিখোঁজ সীমার সন্ধান মেলেনি। ফলে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করা হয়। পরে আজ সীমার মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।’ </p>