লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দিপালী বেগমের (৩৪) মরদেহ দীর্ঘ এক মাস পর শুক্রবার সকালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পূর্ব শালেপুর মুন্সিরচর গ্রামের বাড়িতে পৌঁছেছে। মরদেহ বাড়িতে আসার পর স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে গ্রামের বাড়ির উঠোনে পৌঁছে দিপালীর নিথর দেহ। এর আগে বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহবাহী উড়োজাহাজ অবতরণ করে। সেখানে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সরকারি ব্যবস্থাপনায় ফ্রি অ্যাম্বুলেন্সে করে রাতেই গ্রামের উদ্দেশে রওনা হয় পরিবার। রাত সাড়ে ৩টার দিকে তারা ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাটে পৌঁছান। পরে ভোরে ট্রলারে করে চরভদ্রাসনের আদারচর ঘাটে আসেন। সেখান থেকে নির্জন চরাঞ্চলের কাঁচা পথ পেরিয়ে ঘোড়ার গাড়িতে করে দিপালীর মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়িতে। নিস্তব্ধ চর আর ভোরের শীতল হাওয়ার মধ্যে ঘোড়ার গাড়িতে কফিনবাহী সেই দৃশ্য উপস্থিত অনেককেই আবেগাপ্লুত করে তোলে।

আরো পড়ুন

জার্মানিতে ব্যাংকে একাধিক জিম্মি, এলাকা ঘিরে রেখেছে পুলিশ

বাড়ির উঠোনে মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন মা-বাবা, ভাই-বোনসহ স্বজনরা। ছোট বোন লাইজু আক্তার আহাজারি করতে করতে বলেন, বোনটা সংসারের জন্য জীবনভর কষ্ট করল। শেষবার এভাবে লাশ হয়ে ফিরবে, এটা কখনো ভাবিনি।

স্থানীয়রা জানায়, দীর্ঘ ১৫ বছর প্রবাসে থেকে পরিবারের একমাত্র ভরসা ছিলেন দিপালী। পরিবারের অভাব দূর করতে অল্প বয়সে লেবাননে পাড়ি জমান তিনি। তার পাঠানো টাকায় চলত পুরো পরিবার।

মরদেহ হস্তান্তরের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, দিপালীকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি। সরকারের পক্ষ থেকে পরিবারের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

মরদেহ দেশে আনতে বিলম্বের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সময় লেগেছে। ফ্লাইট স্বাভাবিক না থাকায় নানা জটিলতার মধ্য দিয়ে মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় নিজ বাড়িতে জানাজা শেষে বাড়ির পাশের কবরস্থানে দিপালীর মরদেহ দাফন করা হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও শত শত গ্রামবাসী অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. আশিক সিদ্দিকী জানান, দাফন খরচ বাবদ পরিবারকে ৩৫ হাজার টাকা দেওয়া হয়েছে। পরবর্তীতে সরকারি নিয়ম অনুযায়ী আরো ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১১ সালে মাত্র ১৯ বছর বয়সে জীবিকার তাগিদে লেবাননে যান দিপালী বেগম। গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হওয়ার পর রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যুদ্ধাবস্থা ও বিমান চলাচল ব্যাহত থাকায় মরদেহ দেশে আনতে সময় লাগে প্রায় এক মাস।