নোয়াখালীতে ‘পকেট’ কমিটি গঠনের অভিযোগ তুলে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীনকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেছেন জেলার বিভিন্ন ইউনিটের পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

পরে এক সংবাদ সম্মেলন করে ১০ জন ছাত্রদল নেতা পদত্যাগের ঘোষণা দেন। দ্রুত সময়ে নবগঠিত কমিটি বিলুপ্ত না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

সোমবার দুপুরে নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতাকর্মীরা। মিছিল নিয়ে জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে এসে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বিক্ষোভ সমাবেশে নোয়াখালী পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম বলেন, ‘ত্যাগী ও রাজপথের কর্মীদের বাদ দিয়ে ব্যক্তিগত অনুসারীদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এতে প্রকৃত কর্মীরা বঞ্চিত হয়েছেন।’

সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু বলেন, ‘ছাত্রদলের ইতিহাসে এমন বিতর্কিত কমিটি আগে কখনো হয়নি। যোগ্যদের মূল্যায়ন না করে অযোগ্যদের পদ দেওয়া হয়েছে, যা তৃণমূল পর্যায়ে ক্ষোভের সৃষ্টি করেছে।’

নাছিরের পারিবারিক পটভূমি নিয়ে প্রশ্ন তুলে ছাত্রদল নেতারা অভিযোগ করে বলেন, নাছির আওয়ামী লীগ পরিবারের সন্তান, তার বাবা আওয়ামী লীগের ওয়ার্ড মেম্বার। তিনি এখন আওয়ামী লীগের লোক দিয়ে আমাদের প্রাণের দল ছাত্রদলকে ধ্বংস করতে চাচ্ছেন। আমরা আমাদের নেতা তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি। আমাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড দেখে এই পকেট কমিটি বিলুপ্ত করার দাবি জানাচ্ছি।

বিক্ষোভ শেষে নোয়াখালী প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা ছাত্রদলের সহসভাপতি সাহেদ চৌধুরী বাবু, তারেক নূর, ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনসহ ১০ জন ছাত্রদল নেতা পদত্যাগের ঘোষণা দেন।

অভিযোগ নাকচ করে জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল বলেন, ‘যারা পদ পাননি তারাও ত্যাগী এটা ঠিক। কিন্তু সবাইকে একসঙ্গে পদ দেওয়া সম্ভব নয়। কমিটি গঠনে যোগ্যতা ও সাংগঠনিক বিষয় বিবেচনা করা হয়েছে। আপনারা আমার ছাত্ররাজনীতির অতীত পদ পদবী গুলো দেখেন। আমি মামলা-হামলার শিকার হয়েছি।’

এ বিষয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম, সদস্য সচিব মোহাম্মদ সজীব, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সিনিয়র ছাত্রনেতা আনোয়ার হোসেন রকি, নোয়াখালী কলেজের সাবেক সভাপতি আকবর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ইয়াসিন আরাফাত শুভ, উপজেলা ছাত্রদল নেতা রিজভী প্রমুখ।