• ই-পেপার

নোয়াখালীতে মায়ের সামনে ডাম্প ট্রাকের নিচে প্রাণ গেল শিশুর

আড়াইহাজারে আসামিপক্ষের হামলায় ডিবির ৩ সদস্য আহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে আসামিপক্ষের হামলায় ডিবির ৩ সদস্য আহত
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের ৩ সদস্য মারধ‌রের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে তাঁদের আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে গিয়ে আবারও মারধর করা হয় বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বরের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) বেলা তিনটার দিকে ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের ৪ সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে যায়। এ সময় আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তাঁদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তিন পুলিশ সদস্যকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের আবারও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হলেন এসআই মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ।

পুলিশ জানায়, ডিবির আরেক সদস্য কনস্টেবল আকাশ আহমেদ হামলার সময় পাশের একটি ওয়াশরুমে থাকায় তিনি হামলার শিকার হননি। পরে তিনি তাঁদের ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় এসে ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, আহতদের পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঢাকা জেলা ডিবির কয়েকজন কর্মকর্তা রুপগঞ্জের ভুলতা এলাকায় এসেছিল। তারা সাদা পোশাকে ছিল। ইউনিফর্ম না থাকায় তারা জনরোষের শিকার হয়। পরে সোনারগাঁ থানা ও আড়াইহাজার থানা পুলিশ তাদের গিয়ে উদ্ধার করে। বর্তমানে তারা আড়াইহাজার থানা পুলিশের হেফাজতে আছে। এবিষয়ে আমরা ঢাকা জেলা ডিবি পুলিশের সাথে যোগাযোগ করছি।

ছাতকে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছাতকে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

সুনামগঞ্জের ছাতকে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে আমির আলী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা এলাকার খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমির আলী শান্তিগঞ্জ উপজেলার পাগলা পূর্বপাড়া গ্রামের ছুরাব আলীর ছেলে। তিনি পেশায় সিএনজিচালক এবং শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। নিহত আছিয়া বেগম (৩৫) ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের আলাপুর গ্রামের মৃত উস্তার আলীর মেয়ে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১৮-১৯ বছর আগে তাদের বিয়ে হয়। গত ১৫ জুন পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে আলাপুর গ্রামের একটি কালভার্টের ওপর আছিয়া বেগমকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন আমির আলী। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুন দুপুরে আছিয়া বেগম মারা যান।

এ ঘটনায় নিহতের স্বজন আফিয়া বেগম বাদী হয়ে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামি আমির আলীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গৃহবধূ হত্যার ঘটনায় বিভিন্ন বিষয় সামনে আসছে। পরকিয়াজনিত বিরোধেরও কিছু আভাস পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’ 

তিনি আরো জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। 

বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ী আটক

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ী আটক
মো. আলী হুসেন। সংগৃহীত ছবি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে মো. আলী হুসেন (৩২) নামের এক ভারতীয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৭ জুন) মধ্যরাতে তাকে আটক করা হয়।

আটক আলী হুসেন ভারতের করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার দক্ষিণ কেফটি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্র জানায়, ভারতীয় মাদক চোরাকারবারির অবৈধ অনুপ্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা উপজেলার বিওসিটিলা বিওপি এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবি। অভিযানকালে সীমান্ত পিলার ১৩৮৯/এম থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মাধবকুণ্ড এলাকা থেকে আলী হুসেনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা বিভিন্ন ভারতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে আলী হুসেন সীমান্ত চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি। তবে তিনি দাবি করেন, মোবাইল ফোনের ডিসপ্লে–সংক্রান্ত ব্যবসার কাজে তিনি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান জানান, আটক ব্যক্তি সীমান্ত চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। পরে তাকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, বিজিবির সোপর্দ করা আসামিকে বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মাদক নিরাময় কেন্দ্রে বৃদ্ধকে নির্যাতন করে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

আঞ্চলিক প্রতিনিধি, নারায়ণগঞ্জ
মাদক নিরাময় কেন্দ্রে বৃদ্ধকে নির্যাতন করে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মাদক নিরাময় কেন্দ্রে বৃদ্ধ মোহাম্মদ ফয়জল (৫৫) হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে কুমিল্লা সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম সজিব আহম্মেদ ওরফে সাদ্দাম (৪০)। তিনি সোনারগাঁ উপজেলার মনারবাগ এলাকার ছগির আহম্মেদের ছেলে এবং ‘এভারগ্রিন’ মাদক নিরাময় কেন্দ্রের মালিক।

এর আগে গত ৩ জুন রাতে সোনারগাঁয়ের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকার ‘এভারগ্রিন’ মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ফয়জুল মিয়াকে নির্মমভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। এ ঘটনার পর তার মেয়ে নুরজাহান বেগম বাদী হয়ে সোনারগাঁ থানায় হত্যা মামলা করেন। মামলায় মাদক নিরাময় কেন্দ্রের মালিক সজিবকে প্রধান আসামি করা হয়। ঘটনার পর থেকেই সজিব এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লা থেকে মামলার প্রধান আসামি সজিবকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাতদিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

নোয়াখালীতে মায়ের সামনে ডাম্প ট্রাকের নিচে প্রাণ গেল শিশুর | কালের কণ্ঠ