সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১ হাজার ৩০০ পিস ইয়াবাসহ মোফাজ্জল হোসেন সাগর (৩৩) নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম। এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোফাজ্জল হোসেন সাগর ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের সন্দ্বীপ এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।

ডিবি পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. মতিউর রহমান, অফিসার ও ফোর্সসহ আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মোফাজ্জল হোসেন সাগর নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ১ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের অবৈধ বাজারমূল্য আনুমানিক ৩ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। ওই ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।