ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে নাগরদোলা ছিঁড়ে পড়ে গিয়ে কয়েকজন শিশু আহত হয়েছে। শুক্রবার (১ মে) রাত আনুমানিক ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাপ্তাহিক ছুটির দিনে পার্কে বিপুলসংখ্যক দর্শনার্থী ছিলেন। বিকেল থেকেই সেখানে শিশুদের বিনোদনের জন্য নাগরদোলাসহ বিভিন্ন রাইড চালু ছিল। সন্ধ্যার পর একটি নাগরদোলা হঠাৎ ছিঁড়ে পড়ে গেলে এতে কয়েকজন শিশু আহত হয়।

আহতদের দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় নাগরদোলাটিতে একসঙ্গে একাধিক শিশু ছিল।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গেছে।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।’