• ই-পেপার

সিরাজগঞ্জে ৫ ইটভাটায় অভিযান, ১১ লাখ টাকা জরিমানা

পারিবারিক ও সামাজিক সচেতনতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় : সোহেল মনজুর

পিরোজপুর প্রতিনিধি
পারিবারিক ও সামাজিক সচেতনতা ছাড়া মাদক নির্মূল সম্ভব নয় : সোহেল মনজুর
সংগৃহীত ছবি

প্রশাসন ও পুলিশ বাহিনীর একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। এ জন্য পারিবারিক ও সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

শুক্রবার (২৬ জুন) পিরোজপুরে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

তিনি বলেন, ‘প্রত্যেক অভিভাবককে সন্তানের প্রতি আরো যত্নশীল হতে হবে। তারা কার সঙ্গে মিশছে, কোথায় সময় কাটাচ্ছে— সেদিকে নজর রাখতে হবে।’

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে সকালে পিরোজপুর সদর উপজেলা চত্বর থেকে একটি মাদকবিরোধী র‌্যালি বের হয়ে টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় প্রমুখ।

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ মুন্নাকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর সদর রোডের একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক ফয়সাল আহমেদ মুন্না সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্র সংসদের (অস্থায়ী কর্মপরিষদ) সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক ও বিএম কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল সদর রোডের ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো মামলার পরোয়ানা রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ। 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তবে তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু বলেননি।
ওসি বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের সাবেক নেতাকর্মীরা গোপনে ঝটিকা মিছিল করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। আমরা এ ধরনের অপতৎপরতার ভিডিও ফুটেজ দেখে অভিযান পরিচালনা করে আটক করেছি।’
 

বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: সংস্কৃতিমন্ত্রী

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি: সংস্কৃতিমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি। এটি জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই আমরা ব্যর্থ হব না। আমরা দেশকে নতুনভাবে ঢেলে সাজাবো এবং ব্যর্থতার জায়গাগুলো চিহ্নিত করে সেগুলো ঠিক করার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলবো।

শুক্রবার (২৬ জুন) সকালে ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৮ বছরে দেশের শিক্ষা, সংস্কৃতি, আইনশৃঙ্খলা ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে ক্ষতি হয়েছে। সেগুলো পুনর্গঠনের কাজ চলছে।

সংস্কৃতিমন্ত্রী আরো বলেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

তিনি জানান, ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমিতে সুস্থ ধারার যাত্রা পুনরায় চালু করা হবে। অতীতের অশ্লীল যাত্রার পরিবর্তে জীবনমুখী সাংস্কৃতিক কার্যক্রম শুরু করা হবে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি জেলার সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদ, পুলিশ সুপার মিয়া মোহাম্মদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে অডিটরিয়ামের পাশে যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে অডিটরিয়ামের পাশে যুবকের মরদেহ উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়ামের রান্নাঘরের পাশ থেকে রুমন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দুপুরে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত রুমন পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী এলাকার মৃত তৈয়বুর রহমানের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জে ৫ ইটভাটায় অভিযান, ১১ লাখ টাকা জরিমানা | কালের কণ্ঠ