আগামী ২ মে সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান। তার সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে এরই মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নগরজুড়ে চলছে প্রস্তুতি ও দলীয় নানা কর্মসূচি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনভর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশের মাধ্যমে দলীয় নেতাকে স্বাগত জানান। এর পাশাপাশি সিলেট সিটি করপোরেশন ও প্রশাসনের উদ্যোগে নগর পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়ক সংস্কার, গাছপালা ছাঁটাই এবং সৌন্দর্যবর্ধনের কাজ চলমান রয়েছে।

সিলেট নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও সফরকালীন সম্ভাব্য রুটগুলোতে অবকাঠামো উন্নয়ন ও প্রস্তুতি জোরদার করা হয়েছে। বিশেষ করে সিলেট সার্কিট হাউস এলাকায় নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিন বিকেলে রেজিস্টারি মাঠ, সিলেট থেকে মহানগর বিএনপির উদ্যোগে একটি মিছিল বের হয়, যা নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজারে গিয়ে শেষ হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

এর আগে দুপুরে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনগুলো পৃথকভাবে মিছিল ও সমাবেশ করে সফরকে স্বাগত জানায়।

দলীয় সূত্র জানায়, সফরসূচি অনুযায়ী ২ মে সকালে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তারেক রহমান। এরপর তিনি নগরের উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, বাসিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

দিনের শেষভাগে সিলেট জেলা স্টেডিয়ামে ক্রীড়া কার্যক্রম উদ্বোধন এবং দলীয় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে তার যাত্রা করার কথা রয়েছে।