কুমিল্লায় পৃথক অভিযানে ২৩ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এদের মধ্যে দুজন মাদক কারবারি ও দুজন সাজাপ্রাপ্ত আসামি।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে র‌্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, ২০ এপ্রিল রাতে র‌্যাবের একটি বিশেষ দল শহরের বাগিচাগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় ৩ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এর আগে সকালে বুড়িচং থানার মিরপুর এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে মহসিন (৫৯) ও আলী আজগর কালু (৬৪) নামের দুই ব্যক্তিকে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

অপরদিকে রাতে শহরের টমছমব্রিজ ও রসুলপুর এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. অলিউল্লাহ সুমন (৫৫) ও মিন্টু মিয়াকে (৪৯) গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার মহসিন ও আলী আজগর কালু দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।