<p style="text-align: justify;">খাগড়াছড়ি জেলায় অবৈধভাবে পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে জেলা সদরের রোয়াশা পাড়া এলাকায় অভিযান চালিয়ে পাহাড় কাটার সময় তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।</p> <p style="text-align: justify;">সেনাবাহিনী সূত্র জানিয়েছে, এদিন সকাল সাড়ে ৯টার দিকে জিরো মাইল আর্মি ক্যাম্পের একটি টহলদল নিয়মিত দায়িত্ব পালনকালে রোয়াশা পাড়া এলাকায় সন্দেহজনক তৎপরতা দেখতে পায়। পরে সেখানে অভিযান চালিয়ে অবৈধভাবে পাহাড় কাটার কাজে নিয়োজিত একটি দলকে আটক করা হয়।</p> <p style="text-align: justify;">ঘটনার পর বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হলে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তী সময় আটক ব্যক্তিরা ও ব্যবহৃত একটি যানবাহন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশে সোপর্দ করা হয়।</p> <p style="text-align: justify;">সেনা সূত্র জানায়, খাগড়াছড়ি অঞ্চলে অবৈধ পাহাড় কাটা প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।</p>