নড়াইলে পাম্প থেকে তেল আনতে গিয়ে অসুস্থ হয়ে লাভলী বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লাভলী বেগম নড়াইল সদর উপজেলার আউড়িয়া গ্রামের দাউদ মোল্যার স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া গ্রামের বাসিন্দা লাভলী বেগম সোমবার সকালে নিজ বাড়ি থেকে বোরো আবাদে ব্যবহারের জন্য ডিজেল আনতে মাছিমদিয়া এলাকার মেসার্স সরদার ফিলিং স্টেশনে যান। সেখানে তিনি দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকেন। পরে তিন লিটার তেল নিয়ে বাড়ি ফেরার পথে মাছিমদিয়া মসজিদের সামনে পৌঁছালে তীব্র গরমে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই নাজমুল জানান, স্বামী অসুস্থ থাকায় লাভলী বেগমই বর্গা জমির দেখাশোনা করতেন। জমির কাজে ব্যবহারের জন্য তেল আনতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে মাছিমদিয়া এলাকার মেসার্স সরদার ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. রাশেদ বলেন, আমাদের পাম্প এলাকায় মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। এ বিষয়ে কোনো কিছু আমার জানা নাই। আমরা তেল দেওয়া নিয়ে ব্যস্ত ছিলাম। কখন কারা আসছে সেটি আমার জানার কথা না৷

নড়াইল জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লিপিকা রানী বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমজনিত অসুস্থতার কারণেই তার মৃত্যু হতে পারে।