চট্টগ্রামের পটিয়ায় দীর্ঘদিনের পৈত্রিক জমি বিরোধের জেরে সংঘটিত হামলার ছয় দিন পর মারা গেছেন স্থানীয় সুপারি ব্যবসায়ী আবুল কাসেম (৫৫)। সোমবার (২০ এপ্রিল) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামাল বাজার এলাকার বাসিন্দা ও মৃত আয়ুব আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ছিবাতলী এলাকায় প্রতিবেশী ইকবাল হোসেন ও তার লোকজনের সঙ্গে আবুল কাসেমের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। গত ১৫ এপ্রিল সকাল ৯টার দিকে নিজ জমিতে কাজ করতে গেলে ইকবাল হোসেনের নেতৃত্বে কয়েকজন সেখানে উপস্থিত হয়ে তাকে বাধা দেন। একপর্যায়ে কথাকাটাকাটির জেরে তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে আবুল কাসেম ও তার ভাই আবুল কালাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। টানা ছয়দিন সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর সোমবার ভোরে মারা যান তিনি।

এদিকে, গুরুতর আহত আবুল কালাম এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

এ ঘটনায় রবিবার (১৯ এপ্রিল) নিহত আবুল কাশেমের ছোট ভাই আবুল মনছুর বাদী হয়ে ইকবাল হোসেনকে প্রধান আসামি করে আরো দুজনকে এজহারভুক্ত এবং অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

নিহতের আররেক ছোটভাই আবুল ফয়েজ বলেন, ‘এটা পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। আমার ভাইকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ইকবালের বিরুদ্ধে আগেও হত্যা মামলা রয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা বলেন, জমি নিয়ে বিরোধ ছিল, কিন্তু এমন নির্মম হামলা কেউ আশা করেনি। আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক বলেন, ‘এ ঘটনায় পূর্বে দায়ের করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হচ্ছে। প্রধান আসামি ইকবালসহ জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।’