• ই-পেপার

বিএনপির সাবেক মহাসচিব ওবায়দুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

নবীনগরে রিফাত হত্যা

‘মনেক ডাকাত’ ও তার দুই সন্তানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা

আঞ্চলিক প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
‘মনেক ডাকাত’ ও তার দুই সন্তানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা
নিহত রিফাত। সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাসপাড়ায় যুবক রিফাত (২৮) হত্যার ঘটনায় কথিত শীর্ষ সন্ত্রাসী ‘মনেক ডাকাত’ ও তার দুই সন্তানসহ ১৭ জনের বিরুদ্ধে নবীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) নিহত রিফাতের বোন মুক্তা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় মনেক ডাকাত, তার দুই ছেলে সুমন ও নোমানসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ওবায়দুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘নিহতের বোনের দেওয়া অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশ তদন্ত করছে’।

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর করিমপুর এলাকায় মেঘনা নদী থেকে রিফাতের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে নরসিংদী নৌ পুলিশ। পরদিন বুধবার ময়নাতদন্ত শেষে নিজ গ্রাম থোল্লাকান্দিতে তাকে দাফন করা হয়। নিহত রিফাতের স্ত্রী ও তিন মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত রবিবার (১৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল দাসপাড়ায় সশস্ত্র হামলার ঘটনা ঘটে। ওই সময় প্রতিপক্ষের মধ্যে গোলাগুলিতে কনিকা দাস (৪০) নামের এক নারী আহত হন। একই ঘটনায় রিফাত নিখোঁজ হন। পরে তার মরদেহ মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়।

এলাকাবাসীর দাবি, স্থানীয় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কয়েকটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরেই এ হামলা ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

ফেনীতে আ. লীগের মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬

জেলা প্রতিনিধি, ফেনী
ফেনীতে আ. লীগের মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬
সংগৃহীত ছবি

ফেনী শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ আরো ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার পর ছয়জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার (১৮ জুন) ফেনী মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোনেম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার (১৭ জুন) সকালে ফেনী পৌরসভার রেলস্টেশন সড়ক এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমদ চৌধুরী নাসিমের ছবিসংবলিত ব্যানার নিয়ে মিছিল করেন। এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন।

পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রম সচল রাখার পক্ষে উসকানিমূলক স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিলের জন্য একত্রিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা দ্রুত সেখান থেকে সরে যান। পরে স্থানীয়দের তথ্য, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় কালিদহ ইউনিয়নের আলোকদিয়া এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে আরো কয়েকজনের নাম-পরিচয় পাওয়া যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরো উল্লেখ করা হয়, গ্রেপ্তার ও পলাতক আসামিরা মোবাইল ফোনের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে মিছিলের জন্য সমবেত হন। তাদের ব্যবহৃত কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রায় ১২ ঘণ্টা পর কুড়িগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক

আঞ্চ‌লিক প্রতিনিধি, কু‌ড়িগ্রাম
প্রায় ১২ ঘণ্টা পর কুড়িগ্রামের রেল যোগাযোগ স্বাভাবিক
সংগৃহীত ছবি

কুড়িগ্রামের রাজারহাটে রেললাইনের ওপর উল্টে পড়া বালুভর্তি ট্রাক অপসারণের পর প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রেললাইন থেকে ট্রাক ও বালু সরিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু করে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোশারফ হোসেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটে রাজারহাট উপজেলার পেট্রল পাম্প সংলগ্ন এলাকায় একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছাতে পারেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়ার পর পুরো রেলপথ বন্ধ হয়ে যায়। এতে কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে শত শত যাত্রী দুর্ভোগে পড়েন। অনেক যাত্রীকে বাস, সিএনজি ও অটোরিকশাযোগে তিস্তা রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হয়। এতে অতিরিক্ত ভাড়াও গুনতে হয়েছে অনেককে।

দীর্ঘ সময় উদ্ধার কার্যক্রম চালিয়ে ট্রাক ও বালু অপসারণের পর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রেললাইন সম্পূর্ণ সচল করা সম্ভব হয়। এরপর রমনা লোকাল ট্রেন তিস্তার উদ্দেশে ছেড়ে যায়।

সহকারী স্টেশন মাস্টার মোশারফ হোসেন বলেন, ‘দীর্ঘ প্রচেষ্টার পর ট্রাক ও বালু সরিয়ে রেললাইন সচল করা হয়েছে। বর্তমানে কুড়িগ্রামের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

কক্সবাজারে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ ২ যুবক গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারে অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ ২ যুবক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

কক্সবাজার শহরে অভিযান চালিয়ে দুটি দেশীয় বন্দুক, বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা এবং নম্বরবিহীন মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর দেড়টার দিকে কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলীর জাহাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল আলীর জাহাল এলাকার বাসিন্দা মোহাম্মদ আমির ফায়সাল আক্তারের (৩৮) বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় সেখানে অবস্থানরত মো. জাহিদ হোসেনকে (২০) আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে দুটি দেশীয় বন্দুক, তিনটি ধারালো ছুরি, এক হাজার ৩০টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ছাড়া ঘটনাস্থল থেকে নম্বরবিহীন দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’