ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর-দুর্গাপুর সংযোগ সড়কের ওপর নির্মিত একটি ব্রিজ দীর্ঘদিন ধরে রেলিংবিহীন অবস্থায় পড়ে আছে। দুই পাশের রেলিং ভেঙে পড়ার পর সেগুলোর লোহার রডও চুরি হয়ে গেছে। ফলে ব্রিজটি দিয়ে প্রতিদিন ঝুঁকি ও আতঙ্ক নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় হাজারো বাসিন্দাদের। এর মধ্যে রয়েছে শিক্ষার্থী,নারী,শিশু,ব্যবসায়ী ও বিভিন্ন রকমের যানবাহন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৩-২০০৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) দূর্গাপুর- আইয়ুবপুর ওপর ‘জোরার সেতু’ নামে ব্রিজটি নির্মাণ করে। আইয়ুবপুর ও বাঞ্ছারামপুর সদর ইউনিয়নের নয় থেকে দশটি গ্রামের প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মানুষ এই সড়ক ব্যবহার করেন।
আইয়ুবপুর গ্রামের ব্যবসায়ী সায়েদুর রহমান বলেন, ‘প্রায় ছয় থেকে সাত বছর আগে ব্রিজটির এক পাশের রেলিং ভেঙে পড়ে। কিছু দিনের মধ্যে অন্য পাশের রেলিংও ধসে যায়। দীর্ঘদিন পড়ে থাকায় রেলিংয়ের লোহার রডগুলোও চুরি হয়ে গেছে। ‘আমরা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছি। দ্রুত সংস্কার করা জরুরি’।
স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদ বলেন, ‘ব্রিজটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দিয়ে অন্তত ১০টি এলাকার প্রায় ত্রিশ হাজার মানুষ নিয়মিত যাতায়াত করেন। রেলিং ভেঙে যাওয়ায় সবাইকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত ব্রিজটি সংস্কার অথবা নতুন করে রেলিং নির্মাণ জরুরি।
দুর্গাপুর গ্রামের ছাত্রী সেলিনা বেগম বলেন, ‘আমরা এই সেতুটি নিয়ে খুব আতঙ্কে আছি।অটোরিকশা নিয়ে আমরা যেতে পারি না। গাড়ি দিয়ে যেতে গেলে ভয় লাগে।’
এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা প্রকৌশলী ফজলে রাব্বি কালের কণ্ঠকে বলেন, ‘রেলিংবিহীন ব্রিজটির বিষয়টি সরেজমিন পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’




