• ই-পেপার

লক্ষ্মীপুরে সহিংসতারোধে মাঠে প্রশাসনের ১০ হাজার সদস্য

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

জরুরি রক্ষণাবেক্ষণ ও লাইনের দুই পাশে থাকা ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটার কারণে আজ শনিবার (২৭ জুন) চট্টগ্রাম ও নাটোরের বেশ কিছু এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের তথ্য নিশ্চিত করেছে।

চট্টগ্রামের চন্দনাইশ পল্লী বিদ্যুৎ অফিস জানিয়েছে, বিদ্যুৎ সঞ্চালন লাইনের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা চন্দনাইশের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

এ সময় বিদ্যুৎবিহীন থাকবে মুনসেফ বাজার, বাদশা পাড়া, কেরানী বাড়ি, বৃষ্টি পুকুর পাড়, চৌধুরী মার্কেট, দেয়াং পাড়ার আংশিক অংশ, পেশকার বাড়ি, নিধিরামপুর, মিজ্জির দোকান, ছগিরের দোকান, বদুরপাড়ার আংশিক এলাকা, জিয়া খাল, দুল্লভ পাড়া, কাজিপাড়া, চন্দনাইশ পৌরসভা, চন্দনাইশ থানা, চন্দনাইশ মেডিকেল কমপ্লেক্স, উপজেলা পরিষদ, ফায়ার সার্ভিস, নোয়াপাড়া ও গাছবাড়িয়া এলাকা।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি–২ এর পক্ষ থেকে জানানো হয়েছে, ৩৩ কেভি লাইনের জরুরি মেরামত কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা জেলার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

বনপাড়া ৩৩ কেভি ফিডার, বড়াইগ্রাম–১ (বনপাড়া) উপকেন্দ্র এবং বড়াইগ্রাম–৩ (গড়মাটি) উপকেন্দ্রের আওতাধীন বনপাড়া পৌরসভা, জোয়াড়ি, মাঝগাঁও, গোপালপুর, চান্দাই, দুয়ারিয়া ইউনিয়নের আংশিক অংশ এবং নগর ইউনিয়নের কিছু এলাকায় এই বিদ্যুৎ বিভ্রাট ঘটবে।

গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যেই এই জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সার্বিক সহযোগিতা কামনা করেছে।

পুকুরে মহিষের গোসল করা দেখতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
পুকুরে মহিষের গোসল করা দেখতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের হাকিমপুর উপজেলার বৈগ্রাম দক্ষিণপাড়া এলাকায় পুকুরে মহিষের গোসল করা দেখতে গিয়ে রোহান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুর পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

শুক্রবার (২৬ জুন) দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার বৈগ্রাম দক্ষিণপাড়ায় মহিষের গোসল করা দেখতে গিয়ে শিশু রোহান পুকুরে পড়ে ডুবে যায়। পরে পরিবারের লোকজনসহ স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু রোহানকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে নিহত শিশু রোহান বৈগ্রাম দক্ষিণপাড়া এলাকার হারুন রশীদের ছেলে। হারুন রশীদ পেশায় একজন মুদি দোকানদার। 

বাবা হারুন রশীদ বাড়িতে দোকানের কাজে ব্যস্ত আর মা বাড়িতে গৃহিণীর কাজ করছিল। এরমধ্যে শিশু রোহান বাড়ি থেকে বাহির হয়ে খেলতে খেলতে পুকুর পাড়ে গিয়ে মহিষের গোসল করা দেখতে থাকে। অসাবধানতাবসত শিশু রোহান পুকুরে পড়ে ডুবে যায়।

বৈগ্রাম গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য মো. মশিউর রহমান বকুল পরিবারের বরাত দিয়ে জানান,  দুপুর প্রায় ১২টার দিকে বৈগ্রাম দক্ষিণপাড়া ভাত ভঙ্গা কবরস্থান পুকুরে মহিষের গোসল করাচ্ছিল জনৈক ব্যক্তি। শিশু রোহান মা-বাবার অজান্তে বাড়ি থেকে বাহিরে এসে খেলতে খেলতে চলে যায় কবরস্থান পুকুর পাড়ে। সেখানে দাড়িয়ে থেকে মহিষের গোসল করা দেখতেছিল। 

অসাবধানতাবশত শিশু রোহান পুকুরে পড়ে ডুবে যায়। মা-বাবা অনেক খোঁজার পরে জানতে পারে কবরস্থান পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকতে দেখেছে শিশু রোহানকে। মুহূর্তে সেই পুকুরে গিয়ে শিশু রোহানকে খুঁজতে শুরু করে বাবা হারুন রশীদ। পরে শিশু রোহান পানিতে ডুবে যাওয়া অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিতে শুরু করে বাবা। স্থানীয়রা তার চিৎকার শুনে দৌড়ে এসে শিশুটিকে উদ্ধার করে হাকিমপুর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশু রোহানকে মৃত ঘোষণা করেন। 

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে খোঁজ নিয়ে জানা যায়,  দুপুর ১টার দিকে পুকুরে পড়ে ডুবে যাওয়া এক শিশুকে নিয়ে আসে হাসপাতালের জরুরি বিভাগে। তবে ধারণা করা হচ্ছে পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়েছে।

ফেনীতে পৃথক জায়গায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

অনলাইন ডেস্ক
ফেনীতে পৃথক জায়গায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যার দিকে শহরের নাজির রোড ও সদর উপজেলার শর্শদি রেলগেট এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের মধ্যম শিলুয়া গ্রামের মৃত আলী আশরাফের স্ত্রী রেজিয়া বেগম (৬০) এবং ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের গজারিয়াকান্দি গ্রামের ইউছুফের ছেলে আবু সুফিয়ান তোরাব (২২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ফেনী রেলস্টেশন অতিক্রম করার পর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে শহরের নাজির রোড এলাকায় রেজিয়া বেগম ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ফতেহপুর এলাকায় পৌঁছালে আবু সুফিয়ান তোরাব ট্রেনে কাটা পড়ে নিহত হন।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বলেন, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্বাস্থ্যখাতে সর্বোচ্চ অগ্রাধিকার, হাসপাতালের দুর্নীতিতে আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি
স্বাস্থ্যখাতে সর্বোচ্চ অগ্রাধিকার, হাসপাতালের দুর্নীতিতে আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন এবং সরকারি হাসপাতালগুলোতে দুর্নীতি, অনিয়ম ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত হবে। 

তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নানা সীমাবদ্ধতা থাকলেও সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শুক্রবার (২৬ জুন) দুপুরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বর্তমান ভঙ্গুর অর্থনীতিতে স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। তারপরও প্রধানমন্ত্রী সব খাতকে গুরুত্ব দিয়ে কাজ করছেন, যার মধ্যে স্বাস্থ্য খাত অন্যতম অগ্রাধিকার।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে এই হাসপাতাল শুধু ফরিদপুর নয়, আশপাশের কয়েকটি জেলার মানুষেরও প্রধান চিকিৎসাকেন্দ্র। তাই এখানে কোনো ধরনের অব্যবস্থাপনা বা অনিয়ম চলতে পারে না। হাসপাতালে যেসব সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত সমাধান করতে হবে।

রোগীদের চিকিৎসাসেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শামা ওবায়েদ বলেন, রোগী হাসপাতালে এসে যদি সঠিক চিকিৎসা না পায় এবং চিকিৎসার অভাবে তাকে ঢাকায় পাঠাতে হয়, তাহলে সেটি হাসপাতালের অদক্ষতার পরিচয়। আমাদের লক্ষ্য হবে রোগী যেন এখানেই সর্বোচ্চ চিকিৎসাসেবা পায়।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, হাসপাতালে দুর্নীতি বন্ধ করা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়াই আমার প্রধান লক্ষ্য। এ বিষয়ে কোনো আপস করব না। কারণ এটি আমার দায়িত্ব ও জনগণের প্রতি অঙ্গীকার।

রাজনৈতিক প্রভাবমুক্ত হাসপাতাল গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিগত দিনের মতো রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ যেন হাসপাতালের পরিবেশ নষ্ট করতে না পারে বা অনৈতিক সুবিধা নিতে না পারে, সেটি সবাইকে নিশ্চিত করতে হবে। হাসপাতাল হবে মানুষের সেবার জায়গা, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র নয়।

অনুষ্ঠানের শুরুতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. মাজাহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দিলরুবা জেবা, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) ফরিদপুরের সাধারণ সম্পাদক ডা. আলী আকবর, হাসপাতালের উপপরিচালক মানস কুণ্ডু, সহকারী পরিচালক ওমর ফয়সালসহ হাসপাতালের বিভাগীয় প্রধান, বিশেষজ্ঞ চিকিৎসক ও কর্মকর্তারা।

লক্ষ্মীপুরে সহিংসতারোধে মাঠে প্রশাসনের ১০ হাজার সদস্য | কালের কণ্ঠ