নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মাদক কারবারিদের ইট পাটকেলের ঢিলে ৫ পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়েছে। এসময় শীর্ষ কারবারি ফাইটার মনিরসহ ৩ জনকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টায় ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন এসআই নন্দন সরকার এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন, কনস্টেবল আশিক। এ ছাড়া আহত হয়েছেন পথচারী হেলালউদ্দিম ড্রাইভার বাবু ও একেএম শফিউদ্দিন। তাদের প্রত্যেককে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাসদাইর পতেঙ্গার মোড়ে ফাইটার মনিরের মাদকের আখড়ায় অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণের মাদকসহ ফাইটার মনির তার সহযোগী নাইম (৩০) ও মাসুমকে (২৪) গ্রেপ্তার করা হয়। তখন গ্রেপ্তারদের ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা প্রথমে পুলিশের উপর এলোপাতাড়ি ইট পাটকেলের ঢিল ছুড়ে। পরে পুলিশকে লক্ষ্য করে প্রায় ৫/৬ রাউন্ড গুলি করে মাদক কারবারিরা। তখন পুলিশও পাল্টা দুই রাউন্ড শর্ট গানের গুলি ছুড়ে। কেউ গুলিবিদ্ধ না হলেও পুলিশ পথচারী ও গ্রেপ্তার মাদক কারবারিরা ইটের ঢিলে আহত হয়েছে। ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি মাসদাইর এলাকায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক কারবারিদের হামলায় র্যাব-পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন।




