সুনামগঞ্জের ছাতকে দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে আমির আলী (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানা এলাকার খাদিমনগর ইউনিয়নের ধুপাগুল কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আমির আলী শান্তিগঞ্জ উপজেলার পাগলা পূর্বপাড়া গ্রামের ছুরাব আলীর ছেলে। তিনি পেশায় সিএনজি চালক এবং শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করতেন। নিহত আছিয়া বেগম (৩৫) ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের আলাপুর গ্রামের মৃত উস্তার আলীর মেয়ে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় ১৮–১৯ বছর আগে তাদের বিয়ে হয়। গত ১৫ জুন পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে আলাপুর গ্রামের একটি কালভার্টের ওপর আছিয়া বেগমকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন আমির আলী। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুন দুপুরে আছিয়া বেগম মারা যান।
এ ঘটনায় নিহতের স্বজন আফিয়া বেগম বাদী হয়ে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আসামি আমির আলীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গৃহবধূ হত্যার ঘটনায় বিভিন্ন বিষয় সামনে আসছে। পরকিয়াজনিত বিরোধেরও কিছু আভাস পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’
তিনি আরো জানান, গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।




