কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, আমরা সবাই একটি পরিবার। অতীতের মতো দায়িত্বহীনতা আর চলবে না। হাসপাতালের সেবার মান নিশ্চিত করতে হবে, অনথ্যায় ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার নারায়ণগঞ্জ শহরের ১০০ সরকারি জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাতে জিডিপির ১ দশমিক ২ শতাংশ বরাদ্দ দিয়ে ৬৯ হাজার কোটি টাকার বাজেট রাখা হয়েছে। এই অর্থ জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ব্যয় করা হবে। ইতোমধ্যে দেশের ১০টি জেলায় নতুন আইসিইউ ইউনিট চালু করা হয়েছে, যাতে রোগীদের সামান্য শ্বাসকষ্টের জন্য রাজধানীমুখী হতে না হয়।
হাসপাতাল পরিদর্শনের সময় ভিক্টোরিয়া হাসপাতাল নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, একজন মন্ত্রী আসবে জেনেও আপনারা হাসপাতাল পরিষ্কার রাখেননি। তিন মাস সময় দিয়েছি। এখন আর অজুহাত নয়। আগামী তিন দিনের মধ্যে হাসপাতালের পরিবেশ ও শৃঙ্খলায় দৃশ্যমান পরিবর্তন না হলে সংশ্লিষ্টদের জবাবদিহির মুখোমুখি হতে হবে।
ডেঙ্গু মোকাবিলায় জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য বিভাগকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু হাসপাতাল প্রস্তুত রাখলেই হবে না, পুরো শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গুর বিস্তাররোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি ডাক্তারাদের উদ্দেশে তিনি বলেন, রোগীদের অযথা রাজধানীর বিভিন্ন হাসপাতালে রেফার না করে স্থানীয় পর্যায়েই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। আমরা সবাই একটি পরিবার। জনগণের স্বাস্থ্যসেবায় যার যা প্রয়োজন, স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।




