• ই-পেপার

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

খড় তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল মা-ছেলের

গাইবান্ধা প্রতিনিধি
খড় তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ গেল মা-ছেলের

গাইবান্ধায় বজ্রাঘাতে মা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সন্ধ্যার আগে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মান্দুরা গ্রামের শৈলেন চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রাণী দাস (৫৫) ও ছেলে সোহাগ চন্দ্র দাস (৩২)।

‎স্থানীয়রা জানান, সোহাগ চন্দ্র দাস ঢাকায় চাকরি করতেন এবং এবার ঈদের ছুটিতে বাড়িতে আসেন। আজ শেষ বিকেলে হঠাৎ করে কালো মেঘে আকাশ ছেয়ে যায়। বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে তিনি মা কল্পনা রাণীর সঙ্গে বাড়ির বাইরে শুকাতে দেওয়া খড় তুলতে যান। এসময় বজ্রাঘাতের শিকার হন তারা।

‎‎মান্দুরা গ্রামের ইউপি সদস্য সাহিন আলম জানান, বজ্রাঘাতে মা-ছেলে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন ও পাড়া-প্রতিবেশীরা সঙ্গে সঙ্গেই তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের উদ্দেশে রওনা হন। কিন্তু পথেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়েন।

হামলার আশঙ্কায় থানায় অভিযোগের এক দিন পরই বসতবাড়ি ভাঙচুর

ময়মনসিংহ প্রতিনিধি
হামলার আশঙ্কায় থানায় অভিযোগের এক দিন পরই বসতবাড়ি ভাঙচুর
ছবি : ভিডিও থেকে নেওয়া

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বাড়িতে হুমকি দিয়ে আসার এক দিন পরই বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার (৩ জুন) বিকেলে এমন ঘটনা ঘটে ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া গ্রামে। হুমকির ঘটনায় গত সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া গ্রামের আব্দুর রব ভূঁইয়ার সঙ্গে দুই শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল পাশের নরেন্দ্রপুর গ্রামের মৃত কুতুব উদ্দিন নাঈবের ছেলে মোহাম্মদ শওকত আলির সঙ্গে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। এর মধ্যে শওকত আলী বিরোধসংশ্লিষ্ট জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করেন। এ নিয়ে সালিশ, দেন-দরবার হলেও শওকত ক্ষমতা দেখিয়ে জোরপূর্বক জায়গা দখল করে নেন। এ অবস্থায় আব্দুর রউফ ভূঁইয়ার ছেলেরা শওকতের নির্মাণাধীন ঘর সরিয়ে নিতে চাপ প্রয়োগ করেন। এতে ক্ষিপ্ত হন শওকত আলী। তিনি গত সোমবার সকালে আব্দুর রউফের বাড়িতে গিয়ে হুমকি ধামকি দিয়ে আসেন। ঘটনার পর আব্দুর রউফ ভূঁইয়া বসতবাড়িতে হামলা ও লুটপাটের আশঙ্কায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্তে যায়। কেন থানায় লিখিত অভিযোগ দেওয়া হলো এটা জানতে পেরে শওকত আলী তার লোকজন ফের বুধবার দুপুরে আব্দুর রউফের বাড়িতে গিয়ে হামলা চালানোর চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু পুলিশ আসার পরপরই বিকেল ৩টার পরে শওকত আলী তার লোকজন নিয়ে আব্দুর রউফের বাড়িঘরে হামলা চালায়। এ সময় বসতবাড়িতে লুটপাট ছাড়াও স্থানীয় খারুয়া বাজারে আব্দুর রউফের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়। 

ক্ষতিগ্রস্ত আব্দুর রউফের ছেলে মাহফুজুর রহমান জানান, শওকত আলী বেশ কয়দিন ধরে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনা তিনি থানায় জানিয়েছিলেন। কিন্তু পুলিশকে কেন জানানো হলো এ ঘটনা- ক্ষিপ্ত হয়ে শওকত আলী তার তিন ভাই মিলে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এ অবস্থায় এখনো তিনি নিরাপত্তাহীনত ভুগছেন। 

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শওকত আলী জানান, তিনি তার বৈধ জায়গায় ঘর নির্মাণ করেছিলেন। সেই ঘর আব্দুর রউফ ভূইয়ার লোকজন ভেঙে দেয়। এতে এলাকার লোকজন ক্ষিপ্ত হয়। পরে পাবলিক গিয়ে আব্দুর রব ভূঁইয়ার বাড়িতে হামলা চালায়। এখানে তার কোনো লোকজন জড়িত ছিল না। 

জানতে চাইলে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনা লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রেলস্টেশনের পেছনে করছিলেন মাদক সেবন, ৩ জনের কারাদণ্ড

আঞ্চলিক প্রতিনিধি, নেত্রকোনা
রেলস্টেশনের পেছনে করছিলেন মাদক সেবন, ৩ জনের কারাদণ্ড

নেত্রকোনার মোহনগঞ্জে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণ করায় ৩ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে মোহনগঞ্জ শহরের রেলস্টেশনের পেছনের ফাঁকা স্থান থেকে তাদের মাদক সেবনরত অবস্থায় আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

দণ্ডপ্রাপ্তরা হলেন খালিয়াজুরি উপজেলার নূরালীপুর গ্রামের মো. আলমগীর (৩০), বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামের পিয়াস মিয়া (২২) ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মধ্যে আলমগীর গ্রামের মো. রবিন (৩৫)।

তাদের মধ্যে আলমগীর ও পিয়াস মিয়াকে ৭ দিন করে এবং রবিনকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের পেছনের ফাঁকা স্থানে মাদক সেবন করছিল ওই তিনজন। গোপন খবরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে গিয়ে তাদের হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বলেন, দণ্ডপ্রাপ্তদের রাতেই কারাগারে পাঠানো হয়েছে।

চৌদ্দগ্রামে বিরল লজ্জাবতী বানর উদ্ধার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
চৌদ্দগ্রামে বিরল লজ্জাবতী বানর উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

‎কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বিরল লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। পৌরসভার সীমান্তবর্তী বৈদ্দেরখিল গ্রামে স্থানীয়রা বানরটি উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করে।

পরে বুধবার (৩ জুন) প্রাথমিক চিকিৎসা শেষে বানরটিকে উপজেলা বন বিভাগে হস্তান্তর করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন হোসেন।

‎জানা গেছে, মঙ্গলবার বিকেলে পৌরসভার সীমান্তবর্তী বৈদ্দেরখিল গ্রামে দেখতে পেয়ে স্থানীয় আবদুল মমিন বানরটি আটক করেন। পরে খবর পেয়ে চৌদ্দগ্রাম কুইক রেসপন্স টিমের লিডার আরাফাত হোসেন উপজেলা প্রশাসনের মাধ্যমে বানরটি নিজেদের হেফাজতে নেয়। বুধবার সকালে বানরটিকে উপজেলা প্রাণিসম্পদ অফিসে হস্তান্তর করা হয়। সেখানে বানরটির স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসা দিয়ে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। উপজেলা প্রশাসন বিলুপ্তপ্রায় প্রাণীটিকে উপজেলা বন বিভাগে হস্তান্তর করে।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সাগর জানান, আমরা ধারণা করছি, প্রাণীটি লজ্জাবতী বানর। প্রাণীটি কিছুটা অসুস্থ ছিল। বুধবার সকালে আমরা এটিকে হাসপাতাল এনে প্রয়োজনীয় চিকিৎসা এবং পরামর্শ প্রদান করি। বর্তমানে এটি সুস্থ রয়েছে।

ইউএনও শাহাদাৎ হোসেন হোসেন জানান, প্রাণীটিকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে ব্যবস্থাপত্রসহ বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।