• ই-পেপার

ভারতে পাচার : সুনামগঞ্জ সীমান্ত থেকে ৮৮৫ কেজি ইলিশ জব্দ

শ্রীনগর

পদ্মায় কচুরিপানার দাপট, নৌযান চলাচল ব্যাহত

ভাগ্যকূলের নৌরুট প্রায় বন্ধ  স্থবির ব্যবসা-বাণিজ্য দ্রুত পদক্ষেপ দাবি

অধীর রাজবংশী, শ্রীনগর (মুন্সীগঞ্জ)
পদ্মায় কচুরিপানার দাপট, নৌযান চলাচল ব্যাহত
উজান থেকে দলে দলে কচুরিপানা ভেসে আসায় পদ্মার বিভিন্ন রুটে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। রবিবার বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগরের ভাগ্যকূল বাজারের ঘাটে। ছবি: কালের কণ্ঠ

উজান থেকে দলে দলে ভেসে আসছে কচুরিপানা। এতে মুন্সীগঞ্জের শ্রীনগরের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীতে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। কচুরিপানার দাপটে উপজেলার ভাগ্যকুল বাজারের নৌরুট প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।  

দ্রুত কচুরিপানা অপসারণ করে নৌযান চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান স্থানীয় ব্যবসায়ী ও ইজারাদারসহ  এলাকাবাসী। 

স্থানীয় সূত্র জানায়, পদ্মার চরাঞ্চল থেকে প্রতিদিন প্রায় ৫০০ থেকে ৭০০ মানুষ ভাগ্যকুল বাজারে আসেন। তবে ঘাট এলাকায় কচুরিপানা জমে থাকায় কোনো নৌকা বা ছোট-বড় ইঞ্জিনচালিত ট্রলার চলতে পারছে না। ফলে চরাঞ্চলের মানুষকে প্রায় দুই কিলোমিটার ঘুরে বাঘড়া হয়ে ভাগ্যকূল বাজারে আসতে হচ্ছে। এতে বাজারকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য প্রায় স্থবির হয়ে পড়েছে, দুর্ভোগে পড়েছে নদীপারের  মানুষ। প্রায় দেড় মাস ধরে এ অবস্থা চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ চোখে পড়েনি বলে সূত্র জানায়। 

ভাগ্যকুল হাটবাজার ও ঘাটের ইজারাদার মোতালেব হোসেন আরিফ বলেন, প্রায় দেড় মাস ধরে একটি নৌকা কিংবা ট্রলারও স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। এতে ঘাটের আয় একেবারেই কমে গেছে। ১০ লাখ টাকার ইজারা নিয়ে এখন বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।

আরিফ আরো বলেন, সম্প্রতি নাটোরের গুরুদাসপুর থেকে চাল বোঝাই করে ট্রলারে ভাগ্যকূলে আসার সময় যেখানে ১০ মিনিট লাগার কথা, সেখানে কচুরিপানা ঠেলে আসতে প্রায় তিন ঘণ্টা সময় লাগছে। এ সময় ট্রলারের একটি ইঞ্জিনও বিকল হয়ে যায়।

ভাগ্যকূল বাজার কমিটির সাবেক সভাপতি আয়নাল হক বলেন, চরাঞ্চলের মানুষ মাছ, সবজি ও বিভিন্ন কৃষিপণ্য নিয়ে বাজারে আসতেন। কিন্তু এখন প্রায় দুই কিলোমিটার কচুরিপানা ঠেলে আসা সম্ভব নয়। তাই অনেকেই আর আসতে চান না। অনেকে বাধ্য হয়ে বাঘড়া ঘুরে বাজারে আসতে হচ্ছে তাদের।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে নৌ-যোগাযোগ ব্যাহত থাকায় বাজারে ক্রেতা ও পণ্যের সরবরাহ কমে গেছে। এতে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। মুখরতা হারিয়েছে  একসময়ের প্রাণচঞ্চল ভাগ্যকূল বাজার। তারা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে ঐতিহ্যবাহী এ বাজারের অর্থনৈতিক কর্মকাণ্ড আরো  ক্ষতিগ্রস্ত হবে।

মুন্সিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখলাক উল জামিল বলেন, পানি উন্নয়ন বোর্ডের মূল দায়িত্ব নদী ও খাল খননসহ পানি ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ করা। কচুরিপানা অপসারণ আমাদের দায়িত্বের আওতাভুক্ত নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট অন্য দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাছিবুর রহমান বলেন, ‘কচুরিপানার এ সমস্যার বিষয়ে আমাকে আগে কেউ জানায়নি। বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। ঘটনা সত্য হলে সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তা ও পিআইওকে সঙ্গে নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’

বিএনপি নেতা হত্যা‌ মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবি

নীলফামারী সংবাদদাতা
বিএনপি নেতা হত্যা‌ মামলায় আসামিদের গ্রেপ্তারের দাবি
সংগৃহীত ছবি

নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপি নেতা রেজাউল করিম (৪০) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবার ও স্থানীয়রা। 

সোমবার (১৫ জুন) বেলা ১১টায় কিশোরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন নিহতের মা আফরোজা বেগম, ভাই মো. এনামুল হক, মো. ওয়াদুদ মিয়া, আব্দুল মাজেদ ও স্থানীয় নাসির হোসেনসহ অন্যরা।

এ সময় বক্তারা জানান, গত ১ জুন বিকেলে রেজাউল করিম উপজেলার মাগুড়া দোলাপাড়া গড়েরপাড় এলাকায় তার ফুপার বাড়িতে দাওয়াতে যান। সেখানে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার ফুপা আমিনুরের ভাইদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষরা রেজাউলকে মারধর করে এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এ মামলার আসামি  মো. রাকিব ইসলাম, আসাদুজ্জামান বিটু, আব্দুল আজিজ, আক্তারুজ্জামান বিদেশে লোক পাঠানোর নামে ভিসা প্রতারণা ও থাই খেলার সঙ্গে জড়িত থেকে বিপুল সম্পদের মালিক হয়েছেন। অর্থের প্রভাব খাটিয়ে তারা আইনের আওতার বাইরে থাকার চেষ্টা করছেন। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে জেলা ও বিভাগীয় পর্যায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ‘ঘটনার পর দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুত তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।’

প্রসঙ্গত, নিহত রেজাউল করিম মাগুড়া দোলাপাড়া গ্রামের পূর্বপাড়া এলাকার মৃত আব্দুল ওহাবের ছেলে এবং দোলাপাড়া ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

হাইল হাওর থেকে অজগর উদ্ধার

মাল্টিমিডিয়া প্রতিনিধি, মৌলভীবাজার
হাইল হাওর থেকে অজগর উদ্ধার
ছবি : কালের কণ্ঠ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া এলাকার হাইল হাওর থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।

সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে হাইল হাওরে মাছ ধরতে যান নবীন ও জাবেদ নামের দুই ব্যক্তি। মাছ ধরার একপর্যায়ে তাদের ব্যবহৃত জালে একটি বড় সাপ আটকা পড়ে। সাপটি দেখে আতঙ্কিত হয়ে তারা জালটি ফেলে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে বিষয়টি বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনকে জানানো হয়। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে শনাক্ত করেন। তারা জানান, এটি অজগর (পাইথন) প্রজাতির সাপ।

প্রায় এক ঘণ্টার চেষ্টায় অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সেটি নিরাপদে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, ‘অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্য প্রাণী। এ ধরনের সাপ সাধারণত মানুষকে আক্রমণ করে না। বনাঞ্চল ও জলাভূমির পরিবেশগত ভারসাম্য রক্ষায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনো বন্য প্রাণী লোকালয়ে প্রবেশ করলে বা বিপদে পড়লে তা না মেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানাই।’

শ্রীমঙ্গল বন্য প্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, উদ্ধার করা অজগরটি পর্যবেক্ষণের পর উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।

বরিশালে নতুন ইপিজেড, ২ জেলায় অর্থনৈতিক অঞ্চল

তিন লাখ কর্মসংস্থানের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে নতুন ইপিজেড, ২ জেলায় অর্থনৈতিক অঞ্চল
সংগৃহীত ছবি

বিদেশি বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বরিশালে নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এবং বরগুনা ও পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় তিন লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা।

বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওবায়দুল হক চান বলেন, ইপিজেড হলে কর ও শুল্ক সুবিধায় কাঁচামাল আমদানি এবং উৎপাদিত পণ্য সরাসরি বিদেশে রপ্তানি করা যাবে। বরিশাল থেকে ইলিশ, আমড়া ও পেয়ারা রপ্তানি করা হয়। এছাড়া এখানে বেশ কয়েকটি বড় শিল্পকারখানা রয়েছে, যেখানে কাঁচামাল আমদানি করা হয়। ইপিজেড হলে আমদানি ও রপ্তানিতে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন। সরকারের এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য প্রয়োজনীয় পরিমাণ জমি তিন জেলাতেই রয়েছে বলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা জানিয়েছেন। তারা বলেন, সরকারের ১ নম্বর খাস খতিয়ানে পর্যাপ্ত জমি রয়েছে। ফলে প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণ নিয়ে বড় ধরনের জটিলতা হবে না।

বরিশালের জেলা প্রশাসক মো. খাইরুল আলম সুমন বলেন, একটি ইপিজেড স্থাপনের প্রস্তাব আমরা লিখিতভাবে দিয়েছি। এটি বাস্তবায়িত হলে স্থানীয় জনগণকে কর্মসংস্থানের জন্য ঢাকা বা চট্টগ্রামে যেতে হবে না। নতুন শিল্পকারখানা গড়ে ওঠায় দারিদ্র্য কমবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। পাশাপাশি ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ এবং পায়রা সমুদ্রবন্দরের নিকটবর্তী অবস্থান পণ্য পরিবহনে সহায়ক হবে। তিনি বলেন, এখানে খাস খতিয়ানের পর্যাপ্ত জমি রয়েছে। মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাওয়ার পর আমরা প্রয়োজনীয় কার্যক্রম শুরু করব।

বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার বলেন, উপকূলীয় এ জেলায় একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল। পায়রা বন্দরের নিকটবর্তী হওয়ায় এটি আন্তর্জাতিক বাণিজ্যের একটি কৌশলগত কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়িত হলে সামুদ্রিক সম্পদ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ, মৎস্য, কৃষি, শিল্প এবং পর্যটন খাতের সমন্বিত উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, পিরোজপুরে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে কাঁচামাল ও শ্রমশক্তির সহজলভ্যতার কারণে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে। কৃষি ও মৎস্যভিত্তিক শিল্পের বিকাশের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। উৎপাদিত পণ্য দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশেও রপ্তানি করা যাবে। এ লক্ষ্যেই পিরোজপুরে একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, সড়কপথে ঢাকা, খুলনা ও বরিশালের সঙ্গে দ্রুত যোগাযোগ এবং নৌপথে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের সঙ্গে সংযোগ থাকায় কাঁচামাল ও উৎপাদিত পণ্য পরিবহন সহজ হবে।

ভারতে পাচার : সুনামগঞ্জ সীমান্ত থেকে ৮৮৫ কেজি ইলিশ জব্দ | কালের কণ্ঠ