ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর এলাকায় তিতাস নদীর ভাঙন রোধে ২০২৫-২৬ অর্থবছরের আওতাধীন জিও ব্যাগ দ্বারা জরুরী অস্থায়ী তীর প্রতিরক্ষা কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি।
ভার্চুয়াল বক্তব্যে সাকি বাঞ্ছারামপুরের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, ‘বাঞ্ছারামপুরের জনগণের ভাগ্যউন্নয়নে ও নদী ভাঙনের হাত থেকে এলাকা রক্ষায় আমাদের চলমান যে সকল উন্নয়ন প্রকল্প রয়েছে, সেগুলোর পরিকল্পনা আমরা ইতিমধ্যে বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছি। টেকসই ও আধুনিক বাঞ্ছারামপুর বিনির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমি বাঞ্ছারামপুরবাসীকে আশ্বস্ত করতে চাই, আগামী কিছুদিনের মধ্যেই এই উপজেলার মানুষ মাঠপর্যায়ে দৃশ্যমান ব্যাপক উন্নয়ন দেখতে পারবে। আমরা অতি শীঘ্রই বাঞ্ছারামপুরকে আরও উন্নত ও একটি সুপরিকল্পিত টেকসই উন্নয়নের ভিত্তির ওপর দাঁড় করাব।’
তিনি আরো বলেন, তিতাস নদীর ভাঙন কবলিত রাধানগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই তীর প্রতিরক্ষা কাজ। এই জরুরি অস্থায়ী জিও ব্যাগ নিক্ষেপের মাধ্যমে আপাতত ভাঙন রোধ করা হচ্ছে এবং পরবর্তীতে এখানে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহায় বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, উপজেলা বিএনপির সহসভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক শুকরি সেলিম, ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম, উপজেলা কৃষকদলের সভাপতি উদ্দিন মেহেদীসহ অনুষ্ঠানে উজানচর ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।




