সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি। এটি জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই আমরা ব্যর্থ হব না। আমরা দেশকে নতুনভাবে ঢেলে সাজাবো এবং ব্যর্থতার জায়গাগুলো চিহ্নিত করে সেগুলো ঠিক করার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলবো।
শুক্রবার (২৬ জুন) সকালে ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত ১৮ বছরে দেশের শিক্ষা, সংস্কৃতি, আইনশৃঙ্খলা ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে ক্ষতি হয়েছে। সেগুলো পুনর্গঠনের কাজ চলছে।
সংস্কৃতিমন্ত্রী আরো বলেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।
তিনি জানান, ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমিতে সুস্থ ধারার যাত্রা পুনরায় চালু করা হবে। অতীতের অশ্লীল যাত্রার পরিবর্তে জীবনমুখী সাংস্কৃতিক কার্যক্রম শুরু করা হবে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তিনি জেলার সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদ, পুলিশ সুপার মিয়া মোহাম্মদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।







