• ই-পেপার

মির্জাপুরে নদীতে ডুবে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু

রাজবাড়ী

কাঁচা মরিচ-পটলসহ কমল সব ধরনের সবজির দাম

রাজবাড়ী প্রতিনিধি
কাঁচা মরিচ-পটলসহ কমল সব ধরনের সবজির দাম
সংগৃহীত ছবি

রাজবাড়ীতে গত দুই সপ্তাহ ধরে সবজির বাজার দর কমে অর্ধেকে নেমেছে। বাজারে সবজির সরবরাহ বৃদ্ধির কারণে কেজিপ্রতি বিভিন্ন ধরনের সবজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে। কমেছে কাঁচা মরিচের দামও।

খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই সপ্তাহ আগে প্রতিকেজি পটল, ঝিঙ্গা, ভেন্ডি, করলা, বেগুন, পেঁপেসহ অন্যান্য সবজি বাজারে ৫০/৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বর্তমানে কেজিতে ২০/৪০ টাকা পর্যন্ত কমে ২৫ থেকে ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ মান ভেদে বিক্রি হচ্ছে ৫০/৬০ টাকা কেজি দরে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজি দরে।

ব্যবসায়ীরা জানান, বাজারে সবজির সরবরাহ বাড়ায় সব ধরনের সবজির বাজার দর কমেছে। প্রকার ভেদে কেজিপ্রতি ২০ টাকা থেকে ৪০ টাকা কমেছে। দাম কমার কারণে সাধারণ ক্রেতারা সবজি কিনতে পারছেন।

অভয়নগরে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

অভয়নগর (যশোর) প্রতিনিধি
অভয়নগরে একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা
সংগৃহীত ছবি

যশোরের অভয়নগরে রিয়াজ হোসেন (২৯) নামের একাধিক মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুন) রাত ১টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত ওই ইউনিয়নের ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে। তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রিয়াজ হোসেন একজন সন্ত্রাসী প্রকৃতির যুবক ছিলেন। মাদকের সঙ্গেও তার সংশ্লিষ্টতা ছিল। মঙ্গলবার রাত ১টার দিকে কে বা কারা ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রিয়াজকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রাখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. মোহাম্মদ সবুজ বলেন, ‘মঙ্গলবার রাত ২টার দিকে রিয়াজ হোসেন নামে এক যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

অভয়নগর থানার ওসি মো. নুরুজ্জামান কালের কণ্ঠকে বলেন, ‘দুর্বৃত্তদের হামলায় একাধিক মামলার আসামি রিয়াজ নিহত হয়েছেন। তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই ও মাদকের ৬টি মামলা রয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকে পুলিশি অভিযান শুরু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ভোলায় মিতু হত্যার প্ররোচনা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

ভোলা প্রতিনিধি
ভোলায় মিতু হত্যার প্ররোচনা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩

ভোলা সদরের আলোচিত সুমাইয়া আক্তার মিতু হত্যার প্ররোচনা মামলায় পলাতক প্রধান আসামি স্বামী মো. সোহাগ ও শাশুড়ি মোসা. কহিনুর বেগমসহ তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার অপর আসামি হলেন–মিতুর খালাশাশুড়ি মোসা. মুক্তা আক্তার।

আজ বুধবার (১৭ জুন) সকালে র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার মেজর রওনক জাহান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার বিকেলে র‍্যাব-৮ ভোলা ক্যাম্প ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে এদের গ্রেপ্তার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ৫ জুন ভোলা সদর মডেল থানায় গৃহবধূ মোসা. সুমাইয়া আক্তার মিতু নামের এক গৃহবধূ হত্যার প্ররোচনায় একটি মামলা করা হয়। ঘটনার দিনই র‍্যাব-৮-এর একটি চৌকস দল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন এবং ছায়া তদন্ত শুরু করে। দীর্ঘ নিবিড় তদন্ত ও গোয়েন্দা নজরদারির পর র‍্যাব-৮ ভোলা ক্যাম্পের সার্বিক দিকনির্দেশনায় এবং র‍্যাব-৭ চট্টগ্রামের একটি চৌকস দলের সহযোগিতায় চট্টগ্রামে একটি যৌথ অভিযান চালানো হয়। অভিযানে পলাতক এজাহারভুক্ত এক নম্বর আসামি মো. সোহাগ, ২ নম্বর আসামি মোসা. কহিনুর বেগম ও ৪ নম্বর আসামি মোসা. মুক্তা আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের চট্টগ্রামের সংশ্লিষ্ট ইপিজেড থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব-৮ ভোলা ক্যাম্প কমান্ডার মেজর রওনক জাহান সরকার বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিকভাবে চট্টগ্রামের ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি ভোলা সদর থানা পুলিশকে জানানো হয়েছে। তারা চট্টগ্রাম থেকে আসামিদের নিয়ে আসার বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিচ্ছেন। র‍্যাব সব সময় নারীর ওপর যেকোনো ধরনের নির্যাতন ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, গত ৩ জুন দুপুরে ভোলা শহরের উকিলপাড়ার একটি ভাড়া বাসার পাঁচতলার ফ্ল্যাট থেকে সুমাইয়া আক্তার মিতুর মরদের উদ্ধার করে পুলিশ। নিহত মিতু ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. বশির আহমেদের মেয়ে। এ ঘটনায় মিতুর বাবা মো. বশির আহমেদ বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা করেন। এ ঘটনার পরে থেকে মিতুর স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক ছিলেন।

চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
চট্টগ্রামে ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের হিজড়া খালের কাপাসগোলা ব্রিজের নির্মাণকাজের জন্য চট্টগ্রাম ওয়াসার ৪৫০ মিলিমিটার ব্যাসের এমএস পাইপলাইনের অ্যালাইনমেন্ট পরিবর্তনের কাজ করা হবে। এ কারণে রবিবার (২১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১৮ ঘণ্টা কালুরঘাট বুস্টার পাম্প স্টেশন শাটডাউন (বন্ধ) রাখা হবে।

বুধবার (১৭ জুন) চট্টগ্রাম ওয়াসা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় হিজড়া খালের কাপাসগোলা ব্রিজের কাজের জন্য এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সময় আরাকান রোড ও তৎসংলগ্ন এলাকা, চান্দগাঁও আবাসিক এলাকা, বহদ্দারহাট, বাদুরতলা, নবাব সিরাজদ্দৌলা রোড ও আশপাশের এলাকা, চকবাজার, চন্দনপুরা, বাকলিয়া, আন্দরকিল্লা, খাজা রোড ও তৎসংলগ্ন এলাকা, শাহ আমানত সেতু সংযোগ সড়ক ও আশপাশের এলাকা, কেবি আমান আলী রোড, রাহাত্তারপুল, মিয়া খান নগর রোড, কালামিয়া বাজার, করলক আবাসিক, তুলাতলী ও রাজাখালী এলাকায় পানি সরবরাহ বিঘ্নিত হবে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। পাশাপাশি আগাম প্রয়োজনীয় পরিমাণ পানি সংরক্ষণ করে রাখার জন্য সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের অনুরোধ জানানো হয়েছে।