• ই-পেপার

বড়পুকুরিয়া কয়লা খনির ৫ কর্মকর্তা বরখাস্ত, ৪৪ কর্মচারীকে শোকজ

রাঙামাটিতে আওয়ামী লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাঙামাটি সংবাদদাতা
রাঙামাটিতে আওয়ামী লীগের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন–রাঙামাটি জেলা শ্রমিক লীগের সভাপতি মো. কবির (৫২), নুরুল হক (৫২), চম্পক দাশ (৫৪), মো. নিজাম উদ্দীন (৪২), মো. ইলিয়াছ (৩৫), মো. ইসমাইল (৫৯), মো. জসিম (৩৮), মো. নয়ন (১৯), মো. তারিকুল ইসলাম (৪৫), মো. রাসেল (৩৮), শাহাদত হোসেন (৩২), রাম প্রসাদ শীল (৪৫), জাহিদুল ইসলাম (২৪), মো. সাইফুল ইসলাম (২৫), দুর্জয় কান্তি দে (২৬) ও হাফিজুর রহমান (২৯)।

পুলিশ জানায়, বিভিন্ন মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের এই বিশেষ অভিযান চলমান থাকবে। 

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মানিকগঞ্জ

নদীভাঙনে বসতভিটা হারানো অসহায় মানুষের পাশে এবিজি গ্রুপ

অনলাইন ডেস্ক
নদীভাঙনে বসতভিটা হারানো অসহায় মানুষের পাশে এবিজি গ্রুপ
সংগৃহীত ছবি

মানিকগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে আনভির বসুন্ধরা গ্রুপ। এর অংশ হিসেবে শিবালয় উপজেলার সোমেজঘর এলাকায় নদীভাঙন কবলিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২১ জুন) বিকেলে এবিজির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে শনিবার (২০ জুন) পাটুরিয়া এলাকায়ও একই ধরনের মানবিক সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রী পেয়ে উপকারভোগীরা এবিজির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে তারা সুশৃঙ্খলভাবে সহায়তা গ্রহণ করেন।

এ সময় তারা বলেন, ‘আমরা দরিদ্র মানুষ। আমাদের খাবার দিছে। আমরা কয়দিন খাইয়া চলতে পারমু। আল্লাহ তাদের ভালো রাখুক।’

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মুশতাক হোসেন দিপু। এ সময় আরো উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান ও আসিফ ইকবাল রনি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কাজী নাদিম হোসেন টুয়েলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লা‌বিত হওয়ার শঙ্কা

আঞ্চ‌লিক প্রতিনিধি, কুড়িগ্রাম
কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, নিম্নাঞ্চল প্লা‌বিত হওয়ার শঙ্কা

উজানের ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে কুড়িগ্রামের প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার সব নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও তিস্তা তীরবর্তী চরাঞ্চলে বন্যা আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় নদীভাঙনও শুরু হয়েছে। 

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, আগামী ৭২ ঘণ্টায় তিস্তার পানি আরো বাড়তে পারে এবং নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

কুড়িগ্রাম পাউবোর তথ্যমতে, মঙ্গলবার (২৩ জুন) সকাল ৬টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ১৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। একই সময়ে ধরলা নদীর পানি তালুক শিমুলবাড়ী পয়েন্টে ৩ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৯৪ সেন্টিমিটার নিচ দিয়ে এবং ব্রহ্মপুত্র নদ নুনখাওয়া পয়েন্টে দুই সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার এক দশমিক ৬৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সকাল ৯টায় দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার নিচে ছিল।

পানি বাড়তে শুরু করায় তিস্তা তীরবর্তী চরাঞ্চলের নিচু জমিগুলো তলিয়ে যেতে শুরু করেছে। এতে কৃষকদের মধ্যে ফসলহানির শঙ্কা দেখা দিয়েছে।

উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের চর জুয়ান সতরা এলাকার কৃষক আবদুস ছালাম বলেন, পানি বাড়ার কারণে চরাঞ্চলের নিচু জমিগুলো তলিয়ে যেতে শুরু করেছে। এতে মরিচ ও পটলক্ষেত নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াশাম এলাকার কৃষক ছাবেদ আলী বলেন, বাদামক্ষেত তলিয়ে যাওয়ায় তড়িঘড়ি করে বাদাম তুলে নিয়েছি। তবে পাটক্ষেতসহ অন্যান্য সবজিক্ষেতে ইতিমধ্যে পানি ঢুকে পড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নদ-নদীর পানি বাড়তে থাকায় চরাঞ্চলে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে কয়েকটি স্থানে নদীভাঙন শুরু হওয়ায় ঘরবাড়ি ও ফসলি জমি হারানোর শঙ্কায় রয়েছেন মানুষ।

কুড়িগ্রাম পাউবোর নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনো সব নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে। তবে চরাঞ্চলের নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা আছে। তিস্তার পানি আরো বৃদ্ধি পেয়ে আগামী ৭২ ঘণ্টার মধ্যে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এতে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধুনট

ভয়াবহ রূপ নিয়েছে যমুনার ভাঙন

কাজে আসছে না টিউব-জিও ব্যাগ টেকসই সমাধান দাবি স্থানীয়দের

রফিকুল আলম, ধুনট (বগুড়া)
ভয়াবহ রূপ নিয়েছে যমুনার ভাঙন
বগুড়ার ধুনট উপজেলার শহড়াবাড়ি এলাকার যমুনা নদীর ঘাটে। মঙ্গলবার সকালে তোলা। -কালের কণ্ঠ

বগুড়ার ধুনট উপজেলায় যমুনা নদীর অব্যাহত ভাঙন ভয়াবহ রূপ ধারণ করেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বালুভর্তি জিও ব্যাগ ও টিউব ফেলে ভাঙন রোধের চেষ্টা করলেও আজে আসছে না তা। 

এদিকে, ভাঙনের ঝুঁকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এতে নদীপারের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।  

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (২৩ জুন) ভোরে উপজেলার শহড়াবাড়ি যমুনা নদীর ঘাট এলাকায় জিও ব্যাগ ও টিউব ফেলার স্থানে ফের ভাঙন দেখা দিয়েছে। এতে প্রায় ৫৫ মিটার অংশ জিও ব্যাগ ও টিউবসহ নদীগর্ভে বিলীন হয়েছে। এ নিয়ে গত তিন দিনে প্রায় ১৫০ মিটার অংশ ভাঙনের শিকার হয়েছে। ভাঙন ঠোকাতে গত তিন দিন ধরে ওই স্থানে বালুভর্তি জিও ব্যাগ ও টিউব ফেলা অব্যাহত রয়েছে। নদীপারের মানুষের দাবি এখন ভাঙন রোধে স্থায়ী সমাধান।

সূত্র জানায়, উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের শহরাবাড়ি গ্রামে গত বছরের অক্টোবরে যমুনা নদীর আকস্মিক ভাঙনে সমতল ভূমিসহ ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে যায়। ওই সময় স্থানীয়দের অভিযোগ ছিল, অবৈধভাবে বালু তোলার কারণে যমুনা নদীর তলদেশ ফাঁকা হয়ে যাওয়ায় পানির প্রবল স্রোতে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়। এ কারণে এমন ভয়াবহ বিপর্যয় ঘটে। পরে ভাঙনকবলিত তীর ধরে বালুভর্তি জিও ব্যাগ ও টিউব ফেলে ভাঙন রোধ করা হয়।

সম্প্রতি যমুনা নদীতে আবারো পানি বেড়ে যাওয়ায় শুক্রবার (১৯ জুন)  থেকে শহরাবাড়ি ও বানিয়াজান স্পারের মধ্যবর্তী কয়েকটি স্থানে ভাঙন দেখা দেয়। প্রবল স্রোতে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়ে ঢেউ নদীপারে আছড়ে পড়ছে। এতে জিও ব্যাগ ফেলে তীর সংরক্ষণ করা এলাকায়ও ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের হুমকিতে পড়েছে বিস্তীর্ণ কৃষিজমি। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

নদী ভাঙনের খবর পাওয়ার পর পরই স্থানীয় সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনায় পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধে বালুভর্তি জিও ব্যাগ ও বিশেষ টিউব ফেলার কাজ পরিচালনা করছে। 

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী আব্দুল মালেক বলেন, ‘ভাঙন শুরু হওয়ার পরই কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। বালুভর্তি বিশেষ টিউব ভাঙন রোধে কার্যকর ভূমিকা রাখবে। এ কারণে নদী ভাঙনে বিশেষ ক্ষয়ক্ষতির কোনো সম্ভাবনা নেই।’ 

বড়পুকুরিয়া কয়লা খনির ৫ কর্মকর্তা বরখাস্ত, ৪৪ কর্মচারীকে শোকজ | কালের কণ্ঠ