• ই-পেপার

গোসলের ভিডিও ধারণ নিয়ে দ্বন্দ্ব, ভাতিজাদের হাতে প্রাণ গেল চাচির

গোপালগঞ্জে ঢাকঢোল বাজিয়ে জার্মান সমর্থকদের শোভাযাত্রা

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে ঢাকঢোল বাজিয়ে জার্মান সমর্থকদের শোভাযাত্রা
ছবি : কালের কণ্ঠ

গোপালগঞ্জে বিশ্বকাপ উন্মাদনায় এবার যোগ দিয়েছেন জার্মানির সমর্থকরা। শনিবার (২০ জুন) বিকেলে জেলা শহরে শোভাযাত্রা করেন তারা। 

গায়ে জার্মানির জার্সি পরে ঢাকঢোল বাজিয়ে, রাস্তায় ফুটবল খেলতে খেলতে সমর্থকরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি শহরের পৌরপার্ক থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে শেষ হয়। 

এবার জার্মানি বিশ্বকাপ নিবে বলে আশা ব্যক্ত করেন জার্মান দলের সমর্থকরা।

এ সময় জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব কচি সিকদার, ফুটবলার আব্দুল মান্নান মানিসহ জার্মান সমর্থক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

গাজীপুরে আবারও পোশাক কারখানার অর্ধশত শ্রমিক অসুস্থ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে আবারও পোশাক কারখানার অর্ধশত শ্রমিক অসুস্থ
ছবি : কালের কণ্ঠ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আবারও অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার (২০ জুন) সকালে কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পর শ্রমিকদের মধ্যে বমি, তীব্র পেটব্যথা, মাথা ঘোরা, শ্বাসকষ্ট ও দুর্বলতার উপসর্গ দেখা দিলে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর আগে গত বৃহস্পতিবার একই ধরনের উপসর্গ নিয়ে ওই কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিলেন।

হাসপাতাল ও কারখানা সূত্র জানায়, বৃহস্পতিবার কারখানার সরবরাহকৃত পানি পান করার পর শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পর শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয় এবং কারখানাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। শুক্রবার সাপ্তাহিক ছুটির পর শনিবার কারখানা পুনরায় চালু করা হলে কিছুক্ষণের মধ্যেই শ্রমিকদের মধ্যে একই ধরনের উপসর্গ দেখা দেয়।

অসুস্থ শ্রমিকদের মধ্যে জুতি, শারমিন, আল আমিন, হাজেরা, রুমা, খুকিমনি, তানিয়া, অঞ্জনা, আসমা, আয়শা, সুবর্ণা, কাজলী, জান্নাতী, পিয়ারা, চম্পা, রুনা ও তসলিমাসহ প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ কয়েকজন শ্রমিক জানান, শনিবার তারা কারখানার পানি পান করেননি। তবে কারখানায় প্রবেশের পর অস্বাভাবিক একটি গন্ধ অনুভব করেন। এরপর তাদের বমি, পেটব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়।

ড্রেসম্যান লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা আলাউদ্দিন বলেন, বৃহস্পতিবার শ্রমিকরা অসুস্থ হওয়ার পর কারখানার পানির লাইন বন্ধ করে দেওয়া হয়েছিল। শনিবার শ্রমিকরা পানি পান না করলেও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। প্রকৃত কারণ খুঁজে বের করতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন বলেন, সকাল থেকে বেশ কয়েকজন শ্রমিক বমি, পেটব্যথা ও মাথা ঘোরার উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন। প্রাথমিকভাবে এটি খাদ্যে বিষক্রিয়া বা দূষিত পানিবাহিত কোনো সমস্যার কারণে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং অধিকাংশ শ্রমিক বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ঘটনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন জানান, কারখানার পানির নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে শ্রমিকদের অসুস্থ হওয়ার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে। তদন্তে কোনো গাফিলতি বা অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জে ট্রাকচাপায় দুলাল মিয়া নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের চর সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া (৫৮) কিশোরগঞ্জ জেলার মনির মিয়ার ছেলে। তিনি রাজধানীর ডেমরা এলাকার ডগাইর এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, রেফ্রিজারেটরের ভাঙ্গারি মালামাল বোঝাই একটি রিকশাভ্যান নিয়ে যাচ্ছিলেন দুলাল মিয়া। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) সাজেদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও এর চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সাবেক এমপির জানাজায় মানুষের ঢল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সাবেক এমপির জানাজায় মানুষের ঢল
ছবি : কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে পাঁচবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট হারুন-আল-রশিদ (৮৭) সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন।

শনিবার (২০ জুন) বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে শহরের শেরপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে গতকাল শুক্রবার ঢাকায় তাঁর দুটি পৃথক জানাজা অনুষ্ঠিত হয়েছিল।

জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়। নামাজে জানাজার আগে প্রয়াত নেতার কর্মময় জীবন ও রাজনৈতিক অবদানের ওপর আলোকপাত করে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহসহ আরো অনেকে।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মরহুমের বড় ছেলে কানাডাপ্রবাসী চিকিৎসক ডা. আসিফ হারুন। জানাজায় ইমামতি করেন মৌলভীপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জাকারিয়া।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট হারুন-আল-রশিদ মারা যান।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

গোসলের ভিডিও ধারণ নিয়ে দ্বন্দ্ব, ভাতিজাদের হাতে প্রাণ গেল চাচির | কালের কণ্ঠ