পটুয়াখালী সদর উপজেলায় একটি ভবনের সেপটিক ট্যাংকের সেন্টারিং (কাঠ-বাঁশের ফ্রেম) খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বেলা ১১টার দিকে উপজেলার কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের দিনমজুর মো. নুহ (২৬) এবং রাজমিস্ত্রি আশরাফ (৫০)। তারা দুজনেই পাশাপাশি বাড়ির বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে কমলাপুর ইউনিয়নের চৌদ্দবুড়িয়া গ্রামের আফতের সিকদার বাড়ির একটি নির্মীয়মাণ ভবনের দীর্ঘদিন বন্ধ থাকা সেপটিক ট্যাংকের ভেতর সেন্টারিংয়ের কাঠ ও বাঁশ খুলতে নামেন আশরাফ। এরপর তার সারা না পেয়ে অপর শ্রমিক নুহ ট্যাংকের ভেতর নামেন। একপর্যায়ে দুজনেই ট্যাংকের ভেতরে আটকা পড়েন। পরে স্থানীয় কিছু বাসিন্দা বিষয়টি টের পেয়ে সেপটিক ট্যাংকের কিছু অংশ ভেঙে ভেতরে ঢুকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য আবু জাফর ঘটনার সত্যতা শিকার করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। মৃত আশরাফ ও নুহের বাড়ি কমলাপুর ইউনিয়নের চৌদ্দভূড়িয়া গ্রামে। তাদের মধ্যে আশরাফ রাজমিস্ত্রি কাজ করত আর নুহ ছিল সহকারী। আশরাফ বিবাহিত ও তিন সন্তানের জনক। আর নুহ সদ্য বিয়ে করেছেন।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ঘটনাটি সম্পর্কে জেনেছি। তথ্য সংগ্রহের পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।







