• ই-পেপার

পীরগাছায় আইপিএল জুয়ায় নিঃস্ব হচ্ছে যুব সমাজ

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

ভাঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ
ছবি : কালের কণ্ঠ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য অপতৎপরতা ও নাশকতা প্রতিরোধের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড, পৌরসভা মোড়, কালামৃধা বাজার, মনসুরাবাদ, সুয়াদি, পুলিয়া ও পুখুরিয়াসহ উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীরা সমবেত হয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এ সময় ভাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি উপজেলা কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, মহিলা দল ও শ্রমিক দলের নেতাকর্মীরাও অংশ নেন।

এ বিষয়ে ভাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সম্ভাব্য অপতৎপরতা ও নাশকতা প্রতিরোধে আমার নেতৃত্বে ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নেও বিএনপির নেতাকর্মীরা সমবেত হয়ে মহাসড়ক ও বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।’

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন।’

বগুড়ায় ভটভটির চাপায় সাবেক ইউপি সদস্য নিহত

বগুড়া অফিস
বগুড়ায় ভটভটির চাপায় সাবেক ইউপি সদস্য নিহত
নিহত কুড়ানু প্রামাণিক। সংগৃহীত ছবি

বগুড়ার সোনাতলা উপজেলায় শ্যালোইঞ্জিনচালিত ভটভটির চাপায় কুড়ানু প্রামাণিক (৫২) নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের নুরপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুড়ানু প্রামাণিক সোনারায় ইউনিয়নের জামিরবাড়িয়া গ্রামের মৃত দাবাড়ু প্রামাণিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গরু কেনার উদ্দেশ্যে ভরতখালী হাটে যাওয়ার পথে নুরপুর বাজার এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে গরুবোঝাই ভটভটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ভটভটিটি উল্টে যায় এবং কুড়ানু প্রামাণিক এর নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় ভটভটির চালকসহ আরো দুজন আহত হয়েছে। পরে নিহতের স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) গৌতম সাহা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

১১ দিন নিখোঁজের পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
১১ দিন নিখোঁজের পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১১ দিন ধরে নিখোঁজ থাকা মোক্তার হোসেন (৭৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) সকালে সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের গুদনাইল আরামবাগ এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

নিহত মোক্তার হোসেন গুদনাইল আরামবাগ এলাকার ২১২ নম্বর বাড়ির বাসিন্দা এবং মৃত আরব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গুদনাইল আরামবাগ এলাকায় ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস শিকদারের বাড়ির সামনে অবস্থিত মেহেদী হাসানের মালিকানাধীন ‘ইমন ইলেকট্রনিক্স’ দোকানের কাঠের পাটাতনের নিচে ডোবার মধ্যে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, গত ১২ জুন বিকেল ৫টার দিকে আসরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর মোক্তার হোসেন আর ফিরে আসেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের দাবি, কয়েক বছর আগে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে এবং তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, গত ১২ জুন থেকে ২৩ জুনের মধ্যে কোনো এক সময় তার মৃত্যু হয়েছে। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, প্রায় ১০ থেকে ১১ দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ফরিদপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝটিকা মিছিল, আটক ২

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝটিকা মিছিল, আটক ২
ছবি : কালের কণ্ঠ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা-নগরকান্দা সীমান্তে ঝটিকা মিছিল করেছেন নেতাকর্মীরা। এ সময় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া বিভিন্ন উপজেলায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাল্টা বিক্ষোভ কর্মসূচি ঘিরে দিনভর থমথমে অবস্থা বিরাজ করছিল।

আজ সোমবার (২৩ জুন) সকাল ১১টার দিকে ভাঙ্গা ও নগরকান্দা উপজেলার সীমান্তবর্তী শুয়াদি এলাকায় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জেলার নগরকান্দা সীমান্তে মিছিলটি কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। তবে এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন বিএনপি নেতাকর্মীরা। 

স্থানীয়দের দাবি, আটকের পর তাদের মারধর করা হলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আটক দুজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কারা মিছিলে অংশ নিয়েছিল এবং আটকের ঘটনাকে কেন্দ্র করে কোনো আইন লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ফরিদপুর জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেনাবাহিনীর সদস্যরাও মাঠে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে ফরিদপুর পৌরশহর, ভাঙ্গা, মধুখালীসহ জেলার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল, স্বেচ্ছাসেহকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। দলটির নেতাকর্মীরা আওয়ামী লীগের পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টার অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। কোনো পক্ষ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

রাজনৈতিক ব্যক্তিরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ফরিদপুরে ঘটে যাওয়া ঘটনাগুলো জেলার বর্তমান রাজনৈতিক বাস্তবতা দেখা গেছে। একদিকে আওয়ামী লীগের সমর্থকদের প্রকাশ্যে সক্রিয় হওয়ার চেষ্টা, অন্যদিকে বিএনপি ও সহযোগী সংগঠনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

তবে প্রশাসনের দাবি, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পীরগাছায় আইপিএল জুয়ায় নিঃস্ব হচ্ছে যুব সমাজ | কালের কণ্ঠ