জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র মালী (৫০) নামের এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শ্যামল চন্দ্র ওই ওই এলাকার মৃত বীরেন মালির ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত হাসান আলীকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তিনি একই ইউনিয়নের পার্শ্ববর্তী ঢেকুঞ্চা বাউস্তা গ্রামের বুদা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে শ্যামল চন্দ্র কাশিড়া হাটে যাওয়ার পথে হাসান আলীর সঙ্গে তার দেখা হয়। এ সময় জমিতে ধান কাটার বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে শ্যামল হাটের দিকে রওনা দিলে কিছুক্ষণ পর হাসান আলী একটি গাছের ডাল দিয়ে তার মাথার পেছনে আঘাত করেন। এতে তিনি সড়কে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত হাসান আলী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিহতের ভাতিজা সুশান্ত চন্দ্র মালী প্রায় এক কিলোমিটার ধাওয়া করে তাকে আটক করেন। পরে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, নিহতের মরদেহ জরুরি বিভাগের সামনে রাখা আছে। সেখানে স্ত্রী দীপালী মালীসহ স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।
দীপালী মালী বলেন, ‘আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। আমার ছেলে-মেয়েরা আজ এতিম হয়ে গেল।’
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত হাসান আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’





