কুড়িগ্রামের রাজারহাটে রেললাইনের ওপর উল্টে পড়া বালুভর্তি ট্রাক অপসারণের পর প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রেললাইন থেকে ট্রাক ও বালু সরিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু করে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মোশারফ হোসেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটে রাজারহাট উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস নির্ধারিত সময়ে স্টেশনে পৌঁছাতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়ার পর পুরো রেলপথ বন্ধ হয়ে যায়। এতে কুড়িগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে শত শত যাত্রী দুর্ভোগে পড়েন। অনেক যাত্রীকে বাস, সিএনজি ও অটোরিকশাযোগে তিস্তা রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনে উঠতে হয়। এতে অতিরিক্ত ভাড়াও গুনতে হয়েছে অনেককে।
দীর্ঘ সময় উদ্ধার কার্যক্রম চালিয়ে ট্রাক ও বালু অপসারণের পর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রেললাইন সম্পূর্ণ সচল করা সম্ভব হয়। এরপর রমনা লোকাল ট্রেন তিস্তার উদ্দেশে ছেড়ে যায়।
সহকারী স্টেশন মাস্টার মোশারফ হোসেন বলেন, ‘দীর্ঘ প্রচেষ্টার পর ট্রাক ও বালু সরিয়ে রেললাইন সচল করা হয়েছে। বর্তমানে কুড়িগ্রামের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’





