• ই-পেপার

বেতনের টাকায় ৫০০ কৃষি শ্রমিককে খাওয়ালেন ইউএনও

বাবা হারানোর ৭ বছর পর মা-তিন বোন খুন, একা হয়ে গেলেন সিফাত

লক্ষ্মীপুর প্রতিনিধি
বাবা হারানোর ৭ বছর পর মা-তিন বোন খুন, একা হয়ে গেলেন সিফাত
সিফাত, তার মা ও তিন বোনের একসঙ্গে তোলা ছবি

১৮ বছর বয়সী জুনায়েদ ইসলাম সিফাত ছোটবেলা থেকেই বাবা-মায়ের আদরের সন্তান। তার চোখের সামনেই দরিদ্র বাবা কামাল হোসেন রাত-দিন ঘাটুনি খেটেছেন। ২০১৯ সালে বৃষ্টির মধ্যে হকার বাবা হাড়ি-পাতিলসহ সিলভার সামগ্রী নিয়ে গ্রামে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা যান। এরপর মা আর বোনরাই বাবার আদরের স্থান পূরণ করেন। কষ্ট লাঘব আর নিজেদের পড়ালেখা চালিয়ে নেওয়ার জন্য একটি প্রতিষ্ঠানে চাকরি নেন সিফাত। সবমিলিয়ে ভালোই যাচ্ছিল তাদের দিনকাল।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এক ঘাতক সিফাতের তিন বোনসহ মাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এতে নিষ্ঠুর পৃথিবীতে সিফাতের আর কেউ নেই। এখন হাউমাউ শুধু করে কাঁদছে সিফাত। সিফাত রায়পুর সরকারি ডিগ্রি কলেজে এইচএসসিতে পড়েন।

সিফাতের জন্মস্থান কুমিল্লার হোমনা হলেও বাবা জীবিকার তাগিদে ১০-১২ বছর আগে লক্ষ্মীপুরের রায়পুরে আসেন। এরপর ডাকাতিয়া নদীর পাড়ে বাসা ভাড়া নিয়ে থাকতেন। সন্তানদের পড়ালেখা শিখিয়ে ভালো মানুষ করার তাগিদ নিয়ে ছুটে চলতেন বাবা। এজন্য কষ্ট হলেও স্ত্রীর ৩ মেয়ে আর সিফাতের আবদার রক্ষা করতেন। নাওয়া-খাওয়া ভুলে রাতদিন পরিশ্রম করতেন, এমনই জানালেন প্রতিবেশীরা।

ঘাতক তিন বোনসহ সিফাতের মাকে কুপিয়ে হত্যা করে। তবে কী কারণে এ ঘটনা- তা নিশ্চিতভাবে জানাতে পারেননি কেউ।

নিহতরা হলেন সিফাতের মা শাহিনুর বেগম (৩৮), বড় বোন সায়মা আক্তার (২১), মেজো বোন ইকরা আক্তার (১৭) ও ছোট বোন শিফা আক্তার (৯)। এ ছাড়া গণপিটুনিতে অভিযুক্ত ঘাতক অন্তর মজুমদারও (২৮) মারা গেছেন। অন্তর নোয়াখালী সুবর্ণচর এলাকার কার্তিক মজুমদারের ছেলে। তিনি রায়পুরের ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ী ছিলেন। 

সিফাতের বন্ধু ওমর ফারুক রনি বলেন, সিফাতরা ভাই-বোন সবাই খুব মেধাবী। লেখাপড়ার প্রতি তাদের অনেক আগ্রহ ছিল। বাবা হাড়খাটুঁনি পরিশ্রম করতো, শেষ তো বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। কুমিল্লায়ও তাদের আপন বলতে কেউ নেই। পরিবারটি এখন শেষ হয়ে গেছে।

সিফাত বলেন, আমার মা, বোনদের কী অপরাধ? কেন তাদেরকে এভাবে মেরে ফেলা হয়েছে? আমি এখন কাদের নিয়ে বেঁচে থাকব। দুনিয়াতে আমার কেউ নেই বলেই হাউমাউ করে তিনি কেঁদে ওঠেন। 

রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ বলেন, সিফাত আমাদের ব্যবসা-প্রতিষ্ঠানে চাকরি করেন। ৮ হাজার টাকা বেতনে তিনি ৭-৮ মাস আগে যোগ দেন। সকালে তিনি কাজে বাসা থেকে বের হন। সবার সহযোগিতা নিয়ে লেখাপড়াসহ পরিবারটি ভালোভাবেই চলছিল। তার পরিবারের সদস্যদের এমন মৃত্যু মেনে নেওয়া যায় না।

এদিকে দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি প্রত্যক্ষদর্শী, ভাড়াটিয়াসহ আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন।

থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকবছর ধরে শাহীনুর তার সন্তানদের নিয়ে দেনায়েতপুর এলাকায় ডাকাতিয়া নদীরপাড়ে ভাড়া বাসায় থাকেন। ২০১৯ সালে তার স্বামী হকার মো. কামাল বিদ্যুৎস্পর্শে মারা যান। এরপর থেকে ৩ মেয়ে ও এক ছেলেকে নিয়ে শাহীনুর ওই বাসায় বসবাস করে আসছেন। সকালে তিন মেয়েসহ শাহীনুরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক অন্ততকে গণপিটুনি দেয়।

বাড়ির মালিক ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলার পর লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক জানান, ঘাতক অন্তর তার স্ত্রীসহ প্রায় দেড় বছর ঘটনাস্থলে ভাড়া বাসায় থাকতেন। প্রায় ৭-৮ মাস আগে তিনি বাসা ছেড়ে চলে যান। হয়ত পূর্ব পরিচিত হওয়ায় সকালে অন্তর এ বাসায় আসেন। এরপর তিনি এ ঘটনা ঘটান। রাণী নামের এক প্রতিবেশী অন্তরকে ওই বাসায় দেখে এখানে আসার কারণ জানতে চান, তখন অন্তর বলেন তিনি পানির পাইপ ঠিক করতে এসেছেন। রাণী এটা বিশ্বাস না করে কলাপসিবল গেট আটকে দিয়ে স্থানীয়দের খবর দেন। তিনি পদক্ষেপটি না নিলে ঘটনাটি হয়ত উদ্‌ঘাটন হতো না।

সম্পত্তির লোভ

মায়ের মাথায় ইটের আঘাত ও পায়ের রগ কাটার অভিযোগে ছেলে গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
মায়ের মাথায় ইটের আঘাত ও পায়ের রগ কাটার অভিযোগে ছেলে গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার উদ্দেশে বৃদ্ধ মায়ের ওপর নৃশংস হামলার অভিযোগে এক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত ছেলে প্রথমে ইট দিয়ে মায়ের মাথায় আঘাত করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে মায়ের পায়ের রগ কেটে দেয় বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত ওই ছেলের নাম আসাদুজ্জামান শামীম (৩৭)। তিনি উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা ৬৭টি বছর বয়সী আনজুমান আরার নামে কিছু জমিজমা রয়েছে। ওই সম্পত্তি জোরে নিজের নামে লিখে নেওয়ার জন্য তার ছেলে আসাদুজ্জামান শামীম দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ৭ জুন শামীম হত্যার উদ্দেশে ইট দিয়ে মায়ের মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় আনজুমান আরা চিকিৎসা নেন। পরে তিনি বাড়িতে ফিরে গেলে গত ১৪ জুন পুনরায় তার ওপর হামলা চালানো হয়। এসময় শামীম ধারালো চাকু দিয়ে তার ডান পায়ের রগ কেটে দেয় বলে গত ২৪ জুনের মামলায় উল্লেখ করা হয়।

ঘটনাটি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে আনা হলে তার নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিনের ধারাবাহিক অভিযানের পর বৃহস্পতিবার রাত ৯টার দিকে আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রাম থেকে মামলার এজাহারভুক্ত আসামি আসাদুজ্জামান শামীমকে গ্রেপ্তার করা হয়। 

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বাবা-মায়ের প্রতি সহিংসতা ও নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।

গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ দুই নারী কারবারি আটক

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
টেকনাফে ৬০ হাজার ইয়াবাসহ দুই নারী কারবারি আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলার কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে টেকনাফের কেরুনতলী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানের সময় সন্দেহভাজন দুই নারীকে তল্লাশি করে তাদের কাছ থেকে ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

আটক নারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ছোট ভাইয়ের, গ্রেপ্তার দুজনই

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা ছোট ভাইয়ের, গ্রেপ্তার দুজনই
প্রতীকী ছবি

নেত্রকোনার বারহাট্টায় হেরোইনসহ গ্রেপ্তার হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তার ছোট ভাইয়ের বিরুদ্ধে। পরে দুই ভাইকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলের দিকে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

হেরোইনসহ গ্রেপ্তার আসামি হলেন জোবায়েল হোসেন (২২)। তিনি হত্যা মামলারও আসামি বলে জানিয়েছে পুলিশ। তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান তার ছোট ভাই তোফায়েল হোসেন (২১)। পরে তাকেও গ্রেপ্তার করা হয়।

জোবায়েল হোসেন ও তোফায়েল হোসেন উপজেলার চিরাম ইউনিয়নের নিচ-চিরাম গ্রামের ফজল করিমের ছেলে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গ্রেপ্তার তোফায়েল হোসেনের বড় ভাই জোবায়েল হোসেন ও তার লোকজনদের বিরুদ্ধে মাদক কারবার পরিচালনার অভিযোগ দীর্ঘদিনের। বৃহস্পতিবার পুলিশের কাছে গোপনে খবর আসে, জোবায়েলের বাড়িতে মাদকের একটি বড় ধরনের চালান অন্যত্র সরবরাহের উদ্দেশে মজুদ করা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে জোবায়েলের বাড়িতে অভিযান পরিচালনা ও তার বসতঘর তল্লাশি করে পুলিশ। এসময় ৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০ গ্রাম হেরোইন পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে জোবায়েল প্রাপ্ত মাদকের দায় স্বীকার করলেও বড় চালানের বিষয়টি এড়িয়ে যায়। 

জোবায়েলকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তার ভাই তোফায়েল হোসেনসহ ও স্বজনরা জোবায়েলকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে সরকারি কাজে বাধা দেওয়ায় তোফায়েলকেও গ্রেপ্তার করা হয়।

ওসি চম্পক দাম বলেন, মাদকদ্রব্য মজুদ, কারবার পরিচালনার অভিযোগে জোবায়েলকে গ্রেপ্তার ও তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার কারণে থানায় ৭ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। 

এ ছাড়া জোবায়েল হত্যা মামলারও আসামি বলে জানিয়েছেন ওসি।

বেতনের টাকায় ৫০০ কৃষি শ্রমিককে খাওয়ালেন ইউএনও | কালের কণ্ঠ